BD SYLHET NEWS
সিলেটরবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫১
আজকের সর্বশেষ সবখবর

নেপালে বন্যায় টি-শার্ট নেড়ে নিজের অবস্থান জানাল আটকে পড়া কিশোর, হেলিকপ্টারে উদ্ধার


আগস্ট ৩০, ২০২৬ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

নেপালে বন্যার মধ্যে বাড়ির ছাদে আটকে পড়া এক কিশোরের নাটকীয় উদ্ধারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। দ্রুতবেগে ধেয়ে আসা বন্যার পানিতে চারদিক ঘেরা ওই বাড়ি থেকে নেপাল সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ছেলেটিকে উদ্ধার করে।

ভিডিও ফুটেজে দেখা যায়, বন্যার পানিতে বাড়িটি সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ায় ছেলেটির পালানোর কোনো উপায় ছিল না। এ সময় একটি উদ্ধারকারী হেলিকপ্টার দেখতে পেয়ে সে নিজের অবস্থান জানানোর জন্য ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে নিজের টি-শার্ট নাড়তে থাকে। একপর্যায়ে নেপাল সেনাবাহিনীর ওই হেলিকপ্টারটি বাড়িটির কাছাকাছি এসে ছাদের ওপর উড়তে থাকে।

হেলিকপ্টারটি আরও কাছে এলে ছেলেটি ভবনের প্রান্তের দিকে এগিয়ে গিয়ে প্রথমে সেটির ল্যান্ডিং স্কিড আঁকড়ে ধরে। এরপর ভেতরে থাকা এক সেনাসদস্যের বাড়িয়ে দেওয়া হাত ধরে নিজেকে টেনে ওপরে তুলে সে নিরাপদে হেলিকপ্টারে উঠতে সক্ষম হয়। টানটান উত্তেজনার এই উদ্ধার অভিযান প্রত্যক্ষ করা মানুষজন এ সময় শ্বাসরুদ্ধকর অবস্থায় ছিলেন। ছেলেটিকে নিরাপদে তুলে নেওয়ার কয়েক মুহূর্ত পরই স্বস্তিতে দর্শকদের উল্লাস ও হাততালি দেওয়ার শব্দ শোনা যায়।

ভয়াবহ এই দুর্যোগের মধ্যে আটকে পড়া মানুষজনের নিরাপদ আশ্রয়ে পৌঁছানোর অসংখ্য মরিয়া উদ্ধার প্রচেষ্টার চিত্র ফুটে উঠেছে এই ভিডিওটিতে। সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশনে এটি ছড়িয়ে পড়ার পর নেপালি হেলিকপ্টার ক্রুদের সাহসিকতা ও দক্ষতার ব্যাপক প্রশংসা করছেন নেটিজেনরা।

ভিডিওটিতে মন্তব্য করতে গিয়ে এক ব্যবহারকারী লিখেছেন, ‘নেপালি পাইলটদের প্রতি সম্মান, তারা সত্যিকারের কিছু দক্ষতা দেখিয়েছেন।’ আরেকজন মন্তব্য করেছেন, উদ্ধারকারীরা শেষ পর্যন্ত ছেলেটির কাছে পৌঁছাতে পারায় তিনি আনন্দিত।

উল্লেখ্য, নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিআরআরএমএ) সর্বশেষ তথ্য অনুযায়ী, এখনও ২ হাজার ৪৯৮ জন নিখোঁজ রয়েছেন।

রোববার সকালে প্রকাশিত হালনাগাদ তথ্যে বলা হয়েছে, বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ৭৩৪টি মরদেহ ও মানবদেহের অংশ উদ্ধার করা হয়েছে। ভোতে কোশি ও ত্রিশূলী নদীর ভয়াবহ বন্যায় নেপালের বিভিন্ন জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত ২৬ আগস্ট ভোতে কোশি নদী এলাকায় আকস্মিক বন্যার পর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে ঘরবাড়ি, সড়ক, সেতু ও জলবিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।