BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩১
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগের শোক সমাবেশ অনুষ্ঠিত


আগস্ট ১৮, ২০২৬ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাজ্যে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে হাজার হাজার মানুষের উপস্থিতিতে শোক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৫টায় আলতাব আলী পার্কের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ শোক সমাবেশ অনুষ্ঠিত হয়।

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে উপস্তিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি আলহাজ জালাল উদ্দীন, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমেদ, যুক্তরাজ্য ছাত্রলীগ নেতা ও ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশের সভাপতি মোস্তাফিজুর রহমান সোহাগ, ছাত্রলীগ নেতা রেজা মাহবুব লস্কর , ছাত্রলীগ নেতা মোহাম্মদ আরিফুল ইসলাম, ছাত্রলীগ নেতা আবরার আহমেদ জামি, ছাত্রলীগ নেতা শাহারিয়া রাফাত প্রান্ত, ছাত্রলীগ নেতা মোহাম্মদ রুহেল, যুক্তরাজ্য ছাত্রলীগ কর্মী ও ফাইট ফর জাসটিস ইন বাংলাদেশ সংগঠনের সহ-সভাপতি মো: আলী আহমদ, যুক্তরাজ্য ছাত্রলীগ কর্মী ও ফাইট ফর জাসটিস ইন বাংলাদেশ সংগঠনের সদস্য মুহসিন আহমদ, ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশ এর সদস্য চাদঁনী বেগম সহ নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে মসজিদে মাগরিবের নামাজের পর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে মুক্তিযুদ্ধের বাংলাদেশে বিশ্বাসী প্রবাসী বাঙালিদের অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছিল।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ১৫ আগস্ট বাঙালি জাতির ইতিহাসে একটি গভীর শোকাবহ দিন। ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে এক ভয়াবহ অধ্যায়ের সূচনা হয়। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যসহ ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা ও তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শোক সমাবেশে বঙ্গবন্ধুর রাজনৈতিক ও ঐতিহাসিক ভূমিকা, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে তাঁর নেতৃত্ব এবং মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে ১৫ আগস্টের হত্যাকাণ্ডের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্টানে যুক্তরাজ্য ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান সোহাগ বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে যে জাতীয় অন্ধকারের সূচনা হয়েছিল, তা বাংলাদেশের ইতিহাস ও রাজনীতিতে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে। ধ্বংসের শেষপ্রান্তে দাঁড়িয়ে থাকা দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত করার প্রত্যয় ব্যক্ত করার কথাও বলা হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।