অস্ট্রেলিয়ায় অনূর্ধ্ব ১৬ বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের কড়া আইনের মুখে পড়েছে মেটা। এর ফলে অন্তত ৭ লাখ ৫৬ হাজার অপ্রাপ্তবয়স্ক তরুণের অ্যাকাউন্ট মুছে দিয়েছে প্রতিষ্ঠানটি। গত ডিসেম্বর থেকে জুনের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বয়সসীমা না মানায় এসব অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে বলে আজ বৃহস্পতিবার জানায় প্রতিষ্ঠানটি। ১৬ বছরের কম বয়সী কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা সংক্রান্ত আইন ভঙ্গের দায়ে বড় অঙ্কের জরিমানার মুখোমুখি হওয়া এড়াতে মেটা এই পদক্ষেপ নেয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মেটার দেয়া তথ্য অনুযায়ী, সংস্থাটি গত ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে সন্দেহভাজন ৪ লাখ ৬২ হাজার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ২ লাখ ৯৪ হাজার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট বা নিষ্ক্রিয় করেছে। সংবাদ ওয়েবিনার
অস্ট্রেলিয়া সরকার শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের নিরাপত্তার স্বার্থে ১০ ডিসেম্বর থেকে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে আইন পাস করে। অন্য কোনো প্রযুক্তি প্রতিষ্ঠান এই সংক্রান্ত সুনির্দিষ্ট ডেটা প্রকাশ না করলেও, একাধিক স্বাধীন গবেষণায় দেখা গেছে নিষেধাজ্ঞা কার্যকরের প্রথম তিন মাসেও ৮০ শতাংশের বেশি অপ্রাপ্তবয়স্ক কিশোর সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিল। বর্তমানে মেটার এই পদক্ষেপকে সরকারের চাপ এড়ানোর চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
দেশটির সরকার অভিযোগ করেছে, প্ল্যাটফর্মগুলো ইচ্ছাকৃতভাবে আইনটিকে ব্যর্থ করার চেষ্টা করছে। এ কারণে প্ল্যাটফর্মগুলোর আইন অমান্যের জরিমানা দ্বিগুণ করে ৯ কোটি ৯০ লাখ অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ৬ কোটি ৯৭ লাখ মার্কিন ডলার) করার সিদ্ধান্ত নিয়েছে ক্যানবেরা। অন্যদিকে আইন মেনে চলার বিষয়ে মেটা জানিয়েছে, তারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অ্যাকাউন্টধারীর জন্মদিনের শুভেচ্ছা বার্তা বা স্কুলের ক্লাসের মতো তথ্য পর্যবেক্ষণ করে অপ্রাপ্তবয়স্কদের চিহ্নিত করছে। আইনটি সঠিকভাবে বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করতে আগামীকাল শুক্রবার অস্ট্রেলীয় পার্লামেন্টের শুনানিতে মেটা, টিকটক, ইউটিউব এবং স্ন্যাপচ্যাটের প্রতিনিধিদের তলব করা হয়েছে।
