১২ কোটি সিম ব্যবহারকারী গ্রাহকদের জিম্মিদশা থেকে মুক্ত করতে সিম কোম্পানীগুলোর মেয়াদের বাহানা বন্ধের দাবীতে ও অহেতুকভাবে সিমের প্যাকেজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার (৩ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছে সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহের, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সহ-সভাপতি রোকনে আলম চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জালাল উদ্দিন, মোঃ সুহেল মিয়া খান, সহ-অর্থ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমদ, মোঃ সাহেদ আহমদ শান্ত, সহ-দপ্তর সম্পাদক সুধাংশু শেখর দাস, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সুহেল আলী, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক শংকর বিশ্বাস, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি মকসুদ আহমদ লাল, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, মহানগর কমিটির সদস্য মোঃ জুয়েল মিয়া মোঃ আলী ইমরান প্রমুখ।
স্মারকলিপির উল্লেখ করা হয়, প্রায় ১২ কোটি গ্রাহকের মধ্য থেকে মোবাইল ব্যবহারকারী হিসেবে গভীর উদ্বেগের সাথে জানাচ্ছি যে, দেশের কয়েকটি সিম কোম্পানী কোনো পূর্ব ঘোষণা ছাড়াই প্যাকেজের দাম বৃদ্ধি ও মেয়াদের বাহানায় গ্রাহকদের টাকায় কেনা এমবি, মিনিট কেটে নিয়ে অবৈধভাবে মুনাফা অর্জন করে যাচ্ছে, যা একপ্রকার নীরব চাঁদাবাজী। দেশের বিভিন্ন মোবাইল অপারেটর কোম্পানী গ্রাহকদের বঞ্চিত করে অর্থ আত্মসাৎ এবং নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার অজুহাতে অব্যবহৃত ব্যালেন্স, ইন্টারনেট ডাটা, মিনিট ও অন্যান্য সেবা বাতিল করে দিচ্ছে। এর ফলে গ্রাহকরা তাদের ক্রয়কৃত সেবার পূর্ণ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। গ্রাহকদের কথা বিবেচনায় নিয়ে প্রতিটি প্যাকেজের এমবি, মিনিট ও ম্যাসেজ মেয়াদবিহীন করা সিম ব্যবহারকারীদের প্রধান দাবী। দেশের প্রায় ১২ কোটি সিম ব্যবহারকারীদের স্বার্থ রক্ষার্থে আপনার হস্তক্ষেপ কামনা করছি। আপনার বলিষ্ট নেতৃত্বে টেলিকম সেক্টরে শৃঙ্খলা ফিরে আসবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ^াস করি। সিম কোম্পানীগুলো মেয়াদ শেষ হওয়ার অজুহাতে অব্যবহৃত ডাটা, মিনিট ও এসএমএস বাজেয়াপ্ত করে। গ্রাহকের সম্মতি ছাড়া বিভিন্ন প্রোমোশনাল বা ভ্যালু-অ্যাডেড সার্ভিস চালু করে। প্যাকেজের শর্তাবলি অনেক সময় অস্পষ্ট থাকে, যা সাধারণ গ্রাহকদের বিভ্রান্ত করে। অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রে অনেক গ্রাহক কাঙ্খিত প্রতিকার পান না। গ্রাহকের অর্থের বিনিময়ে কেনা সেবা নির্ধারিত সময়ের আগে বা অযৌক্তিক শর্তে সীমিত করে। সিম কোম্পানীগুলোর মেয়াদের অজুহাতে অর্থ আত্মসাৎ ও গ্রাহক স্বার্থবিরোধী কার্যক্রম দূর করে ১২ কোটি গ্রাহককে জিম্মিদশা থেকে মুক্ত করতে আপনি কার্যকর পদক্ষেপ গ্রহন করবেন বলে আমরা দৃঢ়ভাবে আশাবাদী। উপরোক্ত বিষয়ে বিচেনায় নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ পূর্বক ১২ কোটি গ্রাহকদের জিম্মিদশা থেকে মুক্ত করার জোর দাবি জানান।
