আগামী ১৩ আগস্ট বৃহস্পতিবার রাজধানী ঢাকার কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন। ওই দিন সকাল ১০টা থেকে এই ঐতিহাসিক অধিবেশন শুরু হবে।
উক্ত সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব জননেতা মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি।
নির্বাচন-পরবর্তী সময়ে সারাদেশে যুব জমিয়তের নেতা-কর্মীদের মাঝে নতুন প্রাণের সঞ্চার করতে এবং দেশব্যাপী একটি শক্তিশালী যুব জাগরণ সৃষ্টি করার লক্ষ্যে এই বৃহৎ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
সংগঠনটির কেন্দ্রীয় শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সভাপতি হাফিজ মাওলানা তাফহীমুল হকের গতিশীল নেতৃত্বে এবং সার্বিক তত্ত্বাবধানে এই সম্মেলনকে সফল করতে দেশব্যাপী ব্যাপক সাংগঠনিক কার্যক্রম চলছে। কাউন্সিলকে সামনে রেখে জেলা ভিত্তিক মতবিনিময় সভা, মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোর নবায়নসহ তৃণমূল পর্যায়ে পুরোদমে কাজ করে যাচ্ছেন দায়িত্বশীলরা।
সদস্য সম্মেলন ও কাউন্সিলকে ঘিরে ইতিমধ্যে দেশজুড়ে যুব জমিয়ত কর্মীদের মধ্যে অভূতপূর্ব উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বস্তরের নেতা-কর্মীরা এই কাউন্সিলকে সফল করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। এবারের কাউন্সিলের মাধ্যমে যুব জমিয়ত বাংলাদেশে এক নতুন যুব জাগরণ ও সাংগঠনিক অধ্যায়ের সূচনা করবে বলে বিজ্ঞপ্তিতে আশাবাদ ব্যক্ত করা হয়।
