BD SYLHET NEWS
সিলেটরবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪৮
আজকের সর্বশেষ সবখবর

‘কথিত স্বামী’ বলায় খেপলেন চিত্রনায়িকা ববি


জুন ২১, ২০২৬ ৩:১৮ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : ১৮ ঘণ্টা অভিযান চালিয়ে গেল শুক্রবার গুলশানের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় মির্জা আবুল বাশার মামুনকে। তার বিরুদ্ধে চাকরি, ডিলারশিপ দেওয়া এবং গাড়ি ভাড়া নিয়ে আত্মসাৎ করাসহ কোটি টাকা হাতিয়ে নেওয়ার একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে।

এরপর ব্যবসায়ী মির্জা আবুল বাশারের সঙ্গে নাম জড়িয়ে ‘কথিত স্বামী’ বা ‘স্ত্রী’ উল্লেখ করে চিত্রনায়িকা ইয়ামিন হক ববিকে নিয়ে বেশকিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। এ নিয়ে অভিনেত্রী তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন। গতকাল শনিবার রাতে ফেসবুকে এক বিবৃতির মাধ্যমে এ গুঞ্জন পুরোপুরি নাকচ করে দেন অভিনেত্রী ববি।

ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে খবরটিকে সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট, ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন এই অভিনেত্রী। সেই পোস্টে ইয়ামিন হক ববি লিখেছেন, ‘শনিবার বিকাল থেকে ব্যবসায়ী মির্জা আবুল বাশার কেন্দ্র করে আমাকে নিয়ে বেশকিছু গণমাধ্যমে চটকদার সংবাদ প্রকাশ করা হয়েছে। সেখানে বাশারের সঙ্গে জড়িয়ে কোথাও “কথিত স্ত্রী”, কোথাও “স্ত্রী” শিরোনামে খবর প্রকাশ করা হয়েছে। বিষয়টি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন।’

ববি আরও জানান, মূলত ভিউ বাণিজ্য ও তার সম্মানহানি করতেই একটি কুচক্রী মহল এ কাজ করছে। তিনি বলেন, ‘তবে দেশের গণমাধ্যম ও সাংবাদিকদের প্রতি আমার আস্থা রয়েছে। আমাকে হেয় করার জন্য যেসব গণমাধ্যম ভুয়া খবর ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব।’

সবশেষে ববি বলেন, ‘আমাকে আপনারা দীর্ঘদিন ধরে চেনেন, যদি বিয়ে নামের পবিত্র সম্পর্কে জড়িয়ে থাকি, সেটি অবশ্যই আমি নিজ থেকে সামনে আনব।’

উল্লেখ্য, অভিনেত্রী ইয়ামিন হক ববিকে সবশেষ বড়পর্দায় দেখা গেছে গত ঈদে ‘তছনছ’ সিনেমায়। তার বিপরীতে অভিনয় করেছেন মুন্না খান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।