হাইতির বিপক্ষে ৩–০ গোলের দারুণ জয়ে উচ্ছ্বসিত ব্রাজিল সমর্থকেরা। এই জয়ের আনন্দে সাধারণ ভক্তদের পাশাপাশি দেশের শোবিজ অঙ্গনের তারকারাও নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
অভিনেত্রী শবনম ফারিয়া জানিয়েছেন, ব্রাজিলের জয় নিয়ে ভক্তদের উচ্ছ্বাস তিনি উপভোগ করছেন। একইসঙ্গে বিভিন্ন তারকার পোস্টে সকাল থেকেই ভরে উঠেছে ফেসবুক।
অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি আগেই ম্যাচ নিয়ে সরব ছিলেন। ব্রাজিলের জয়ের পর তিনি লেখেন, ‘অভিনন্দন আমার পছন্দের ব্রাজিল, শুভকামনা।’
কমেডিয়ান ও অভিনেতা আবু হেনা রনি ব্রাজিলের সমর্থক হিসেবে মজার ভঙ্গিতে লিখেছেন, ‘কী বুঝলা? তোমাদের ওই তিন গোল দিতে আমাদের অর্ধেক সময় লাগে।’
অন্যদিকে আর্জেন্টিনা সমর্থক অভিনেত্রী তানজিকা আমিন কিছুটা ব্যঙ্গাত্মকভাবে মন্তব্য করেন, ম্যাচটি ছিল ‘বোরিং’ এবং স্টেডিয়ামে বসে থাকা ব্রাজিল সমর্থকেরাও ঠিকমতো উল্লাস করতে পারেননি বলে উল্লেখ করেন।
অভিনেতা নিলয় আলমগীর, যিনি আর্জেন্টিনার সমর্থক, মজার ছলে লেখেন, ‘হাইতিপুল একাদশের সঙ্গে বিজয়ে শুভেচ্ছা!’ অভিনেত্রী দীঘি উচ্ছ্বাস প্রকাশ করে লেখেন, ‘চলুন, ব্রাজিলের জন্য গলা ফাটাই।’
বর্তমানে নিউইয়র্কে থাকা অভিনেত্রী মোনালিসা ম্যাচ শুরুর আগেই ব্রাজিল সমর্থকদের উদ্দেশে পোস্ট দেন এবং সমর্থন জানাতে আহ্বান করেন।
এছাড়া, অভিনেত্রী ফারিন খান ব্রাজিলের খেলোয়াড় মাতেউস কুনিয়ার ছবি পোস্ট করে দলের জয় উদযাপন করেন।
নাট্যনির্মাতা জিয়াউল হক পলাশ একটি কাঁঠালের গায়ে ব্রাজিলের পতাকা আঁকা ছবি পোস্ট করে মজার ক্যাপশন দেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে।
জিয়াউল হক পলাশ
শাহনাজ খুশি তার ফেসবুক পোস্টে স্বামী বৃন্দাবন দাসের উদ্দেশে লিখেছেন, “আমরা দুজন, দুই দলের ভক্ত, কিন্তু কখনো খারাপ বাক্য বিনিময় হয়নি। কারণ, আমরা খেলাটার ভক্ত এবং তার (বৃন্দাবন দাস) প্রথম প্রেম, ফুটবল। যে দল বা দেশেরই খেলা হোক, তা সমান গুরুত্ব দিয়ে দেখা হয়। কারণ, ভদ্রলোক স্বয়ং একদা তুখোড় খেলোয়াড় ছিলেন। ব্রাজিলিয়ানদের জন্য শুভকামনা।”
নির্মাতা কাজল আরেফিন অমি ব্রাজিলের জয় নিয়ে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় লেখেন, ‘এখন থেকে মুখে কিছু কমু না।’
সংগীতশিল্পী পারশী ব্রাজিলের জার্সি পরে ছবি পোস্ট করে লেখেন, ‘শুভ সকাল।’
কাজল আরেফিন অমি
উপস্থাপক ও নির্মাতা দেবাশীষ বিশ্বাসও জয়ের পর ‘শুভ সকাল’ লিখে নিজের প্রতিক্রিয়া জানান।সব মিলিয়ে ব্রাজিলের এই জয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের আনন্দ, রসিকতা আর ভক্তি—সব মিলিয়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
