BD SYLHET NEWS
সিলেটশনিবার, ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:২৮
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন নিয়ে তারকাদের প্রত্যাশা


ফেব্রুয়ারি ১১, ২০২৬ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচন নিয়ে দেশের মানুষের অনেক আগ্রহ ও প্রত্যাশা। সবার চোখ নির্বাচনের ফলাফলের দিকে। ব্যতিক্রম নয় শোবিজের তারকাদের ক্ষেত্রেও। এই নির্বাচন ও আগামী সরকার নিয়ে শোবিজের মানুষদের প্রত্যাশা নিয়ে এই প্রতিবেদন।

সংস্কৃতিবান্ধব সরকার হোক

শহীদুজ্জামান সেলিম, অভিনেতা

সংস্কৃতিবান্ধব সরকার আমরা সবাই চাই। চলচ্চিত্রশিল্পীরাও চায়, টেলিভিশনের শিল্পী ও থিয়েটারকর্মীদেরও তেমনই চাওয়া। সংস্কৃতি না বাঁচলে আমাদের ঐতিহ্য রক্ষা পাবে না। এবারের নির্বাচনে কী হবে, কী হবে না, সেটা তো আগে থেকে বলতে পারি না। তবে আমাদের প্রত্যাশা থাকবে, সবাই যেন নির্বিঘ্নে সুচিন্তিত রায় দিতে পারেন। নিজের ভোটটা নিজে দিতে পারেন। যেন সংস্কৃতিবান্ধব একটি সরকার পাই আমরা।

গান-বাজনা করতে যেন ভোগান্তিতে পড়তে না হয়

রবি চৌধুরী, সংগীতশিল্পী

আমার প্রত্যাশা থাকবে দেশের প্রতিটি নাগরিক যেন তাঁর সুচিন্তিত রায় জানাতে ভোট দিতে আসেন। ভোট দিতে আসা প্রতিটি ব্যক্তি যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন। সবাই মিলে আমাদের দেশটা সুন্দর করতে পারি, যাঁরা নির্বাচনে জিতে আসবেন, এই বিষয়টা নিশ্চয় খেয়াল রাখবেন। আর গান-বাজনা করতে যেন ভোগান্তিতে পড়তে না হয়।

নারীদের নিরাপত্তার বিষয়টি যেন গুরুত্বসহকারে দেখা হয়

অপু বিশ্বাস, অভিনেত্রী

যে সরকার আসুক, তাদের সাধুবাদ জানাই। আমার পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা ও শুভকামনা। আমি একজন চলচ্চিত্র অভিনেত্রী ও উদ্যোক্তা। সে জায়গা থেকে চাইব, সবাই যেন সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট দিতে পারেন এবং নির্বাচিত সরকার যেন নারীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বসহকারে দেখে। আমাদের বিনোদন বা চলচ্চিত্রের জায়গাটা যেন আরও বড় হয়।

একটি নির্বাচিত সরকার আমাদের খুব দরকার

আজমেরী হক বাঁধন, অভিনেত্রী

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হোক। একটি নির্বাচিত সরকার আমাদের খুব দরকার। তারা বেটার কাজ করতে পারবে। এই নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক একটি সরকার গঠিত হবে। জনগণ যাদের চাইবে তারাই সরকার গঠন করবে। বাংলাদেশ যে অস্থিতিশীল অবস্থায় আছে, সেই পরিস্থিতি থেকে সবাই মুক্ত হোক।

নারী-পুরুষের বৈষম্য যেন না থাকে

শবনম বুবলী, অভিনেত্রী

এখন পর্যন্ত আমরা জানি না সরকারে কারা আসছে, কে সরকার গঠন করছে। একজন সচেতন বাংলাদেশি নাগরিক হিসেবে আমার চাওয়া থাকবে, আমরা যেন নিরাপদ থাকতে পারি। নারী-পুরুষের বৈষম্য যেন না থাকে। সব মিলিয়ে একটি শান্তিপূর্ণ পরিস্থিতি চাই। আমরা চাই, প্রত্যেকের সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত হোক। এর জন্য সুষ্ঠু একটি নির্বাচন আশা করছি।

এমন বাংলাদেশ চাই, যেখানে যোগ্যতার মূল্য থাকবে

তৌসিফ মাহবুব, অভিনেতা

আমরা সব সময় বলি, দেশ পরিবর্তন হবে। পরিবর্তন করতে হলে আমাদের সবাইকে অংশগ্রহণ করতে হবে। সেই অংশগ্রহণের শুরুটা ভোট দেওয়ার মধ্য দিয়ে হোক। বাংলাদেশকে ঘিরে আমাদের সবার অনেক স্বপ্ন। এমন বাংলাদেশ চাই, যেখানে যোগ্যতার মূল্য থাকবে। সবাই যেন কাজ করে তাদের যোগ্যতা ও মেধার প্রমাণ দিতে পারে। সেই সুযোগটা যেন সবাই পায়। অভিজ্ঞদের পাশাপাশি তরুণদের যেন মূল্যায়ন করা হয়। তরুণদের নিত্যনতুন আইডিয়া দেশকে এগিয়ে নিয়ে যায়।

কারও যেন আক্ষেপ না থাকে

জামিল হোসেন, অভিনেতা

আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন আশা করছি, যেটা হবে সবার অংশগ্রহণমূলক। ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। বিশেষ করে নতুন প্রজন্মের ভোটার যারা, তারা তো জানেই না ভোট কী জিনিস। কাউকে নির্বাচিত করার আগে যেন সবাই ভেবে নিই। ভোট দিতে গিয়ে যেন ভুল না করি। সবাই একটু চিন্তাভাবনা করে যেন ভোটটা দিই, যেন বলতে পারি আমার ভোটটা কাজে দিয়েছে। কারও যেন আক্ষেপ না থাকে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।