কানাডার টরন্টোতে মোহাম্মদ সাফওয়ান জাহিদ নামে এক বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৫ বছর ২ মাস।
সাফওয়ান ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ডা. মো. জাহিদ হোসেন এবং কানিতা রহমান দম্পতির সন্তান। তিনি পড়াশোনার জন্য কানাডায় বসবাস করছিলেন।
ছেলের মৃত্যুতে গভীরভাবে শোকাহত ডা. মো. জাহিদ হোসেন বলেন, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, সোমবার (২ ফেব্রুয়ারি) আমার কলিজার টুকরা মোহাম্মদ সাফওয়ান জাহিদ স্রষ্টার কাছে ফিরে গেছেন। আল্লাহ তার ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করুন, তাকে জান্নাতে সর্বোচ্চ স্থান দান করুন।
সাফওয়ান টরন্টো বিশ্ববিদ্যালয়ে দ্বৈত এমবিএ এবং এমএ ডিগ্রি অর্জনের শেষ পর্যায়ে ছিলেন। স্বল্প আয়ুর জীবনে তিনি অসাধারণ একাডেমিক এবং পেশাদার সাফল্য অর্জন করেছিলেন। তিনি ছিলেন একজন ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন ল্যাব স্কলার, টরন্টো-ভিত্তিক এআই স্টার্টআপ MATRA-এর প্রতিষ্ঠাতা এবং শোয়ার্টজ রেইসম্যান ইনস্টিটিউটের মাধ্যমে নিরাপদ এআই নীতির উপর কানাডা সরকারের একজন উপদেষ্টা। টরন্টো বিশ্ববিদ্যালয়ের ডিনরা তাদের পরিচিত মেধাবী ছাত্রদের একজন হিসেবে তাকে শ্রদ্ধা জানিয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ৩১১৪ ড্যানফোর্থ অ্যাভিনিউতে বায়তুল আমান মসজিদে সাফওয়ানের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এই জানাজার নামাজে উপস্থিত থাকার জন্য এবং এই শোকের সময়ে সাফওয়ান এবং তার পরিবারকে তাদের দোয়ায় রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।
