বিডি সিলেট ডেস্ক::- বহুল প্রতীক্ষার পর আগামীকাল বৃহস্পতিবার যুক্তরাজ্য যুবদলের নেতা নুরুল আলী রিপন দেশে ফিরছেন। দীর্ঘ ১৭ বছর প্রবাসে অবস্থানের পর স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশের পথে তার এই প্রত্যাবর্তনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
দলের চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র গঠনমূলক রাজনৈতিক পরিকল্পনা ও আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশবাসীর সঙ্গে সরাসরি যুক্ত হয়ে কাজ করতেই তার এই প্রত্যাবর্তন বলে জানা গেছে।
স্বৈরাচার হাসিনা শাসনামলে নুরুল আলী রিপন যুক্তরাজ্য বিএনপি ও যুবদলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ইউরোপের বিভিন্ন শহরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেন। রাজপথের পাশাপাশি অনলাইন পরিসরেও তিনি ছিলেন এক বলিষ্ঠ কণ্ঠস্বর।
তিনি একজন পরিচিত অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে তার নিজস্ব অনলাইন চ্যানেল ‘ভিন্নমত ভিন্নপথ’–এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে স্বৈরাচারী সরকারের অপকর্ম, দমন-পীড়ন ও সরকারবিরোধী আন্দোলনের তথ্য তুলে ধরে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেন।
জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী এক পরিবার থেকে উঠে আসা নুরুল আলী রিপন যুক্তরাজ্য যুবদলের বারবার নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে তার অনলাইন মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে ছাত্র-জনতার আন্দোলন ও গণতান্ত্রিক সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
দেশে ফিরে তিনি গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয়তাবাদী রাজনীতিকে আরও শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা রাখবেন বলে আশা করছেন সংশ্লিষ্ট মহল।
