সিরাজগঞ্জ শহরে প্রকাশ্য দিবালোকে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে পৌর এলাকার চৌরাস্তা বাহিরগোলা সড়কে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম আব্দুর রহমান (১৭)। তিনি শহরের সয়াধানগড়া এলাকার রেজাউল করিমের ছেলে এবং ইসলামিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও সহপাঠীদের ভাষ্য অনুযায়ী, বিকেলে আব্দুর রহমান বাহিরগোলা সড়কে একটি সিএনজি অটোরিকশায় বসে ছিলেন। এ সময় দেশীয় অস্ত্র হাতে একদল কিশোর হঠাৎ এসে তাকে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ এম এমুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শহীদ এম এমুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. রায়হান খন্দকার বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, কলেজছাত্র হত্যার কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
