BD SYLHET NEWS
সিলেটশনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:২৭
আজকের সর্বশেষ সবখবর

এইচএসসিতে সিলেট শিক্ষাবোর্ডে পাশের হার ৫০.৯০ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ১২০৪ শিক্ষার্থী


অক্টোবর ৩১, ২০২৬ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডে পাশের হার ৫০.৯০ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১২০৪ শিক্ষার্থী। এবছর ৭১ হাজার ৮৯৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৩৬ হাজার ৫৯৭ জন পাশ করেছে। যেখানে গতবছর পাশের হার ছিল ৫১.৮৬ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছিল ১৬০২ জন।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় সিলেট শিক্ষাবোর্ডের হলরুমে এই ফলাফল ঘোষণা করেন শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াসমিন। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিলেট শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম এবং আরও উপস্থিত ছিলেন বোর্ডের সিস্টেম এনালিস্ট আতিকুর রহমান।

সিলেট শিক্ষাবোর্ডে বিজ্ঞান বিভাগে পাশের হার ৬৮.৫৪ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছেন ৯৮০ জন, মানবিক বিভাগে পাশের হার ৪৬.২৯ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছেন ১৭০ জন এবং ব্যবসায় বাণিজ্য বিভাগে পাশের হার ৪৭.৮১ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছেন ৫৪ জন।

পাশের হারে মেয়েরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ এ তারা পিছিয়ে রয়েছেন। পরীক্ষায় ২৮ হাজার ৯৩৫ জন ছেলে অংশ নিয়ে পাশ করেছে ১৪ হাজার ৯৬ জন ও পাশের হার ৪৮.৭২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৬১৩ জন। আর ৪২ হাজার ৯৫৮ জন মেয়ে অংশ নিয়ে পাশ করেছেন ২২ হাজার ৫০১ জন ও পাশের হার ৫২.৩৮ এবং জিপিএ-৫ পেয়েছেন ৫৯১ জন।

বোর্ডের সিলেট জেলায় ৩০ হাজার ৯৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৭ হাজার ৮৩৭ জন ও জিপিএ-৫ পেয়েছেন ৯০৩ জন, সুনামগঞ্জ জেলায় ১৩ হাজার ৬৬৭ জনের মধ্যে পাশ করেছে ৬ হাজার ২৮৪ জন ও জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন, মৌলভীবাজার জেলায় ১৪ হাজার ৫৭০ জনের মধ্যে পাশ করেছে ৬ হাজার ৩৮৭ জন ও জিপিএ-৫ পেয়েছেন ১৫১ জন এবং হবিগঞ্জ জেলায় ১২ হাজার ৬৯৯ জনের মধ্যে পাশ করেছে ৬ হাজার ৮৯ জন ও জিপিএ-৫ পেয়েছেন ১০৪ জন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।