আন্তর্জাতিক ডেস্ক:: অলৌকিকভাবে শিশুটির জীবিত থাকার এ ঘটনা গোটা জাতিকে করেছে হতবাক।চীনের একটি আবাসিক ভবনের ১৯ তলা থেকে পড়েও বেঁচে গেছে তিন বছরের এক শিশু।
অলৌকিকভাবে শিশুটির জীবিত থাকার এ ঘটনা গোটা জাতিকে করেছে হতবাক।
সাউথ চায়না মর্নিং পোস্ট-এসসিএমপি ৩১ জুলাই প্রকাশিত প্রতিবেদনে জানায়, পড়ন্ত শিশু ও নিচের কংক্রিটের মধ্যে বাধা হয়ে দাঁড়ায় একটি গাছ। সে গাছের কারণেই সরাসরি মাটিতে পড়েনি সে।
কৃতজ্ঞতাস্বরূপ বিশাল লাল ফুলে গাছটিকে সাজিয়েছেন শিশুটির বাবা।
এসসিএমপির প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ১৫ জুলাই চীনের দক্ষিণপূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের হাংঝুতে ঘটনাটি ঘটে। সেদিন দাদা-দাদির তত্ত্বাবধানে ছিল শিশুটি।
ছেলে শিশুটি ঘুমিয়ে আছে ভেবে তাকে বাড়িতে রেখে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী কিনতে স্বল্প সময়ের জন্য বাড়ির বাইরে যান তার দাদা ও দাদি। সে যেন বাইরে বের হতে না পারে, সে জন্য ফ্ল্যাটের দরজা তালাবদ্ধ করে রাখেন তারা।
নাতির নিরাপত্তায় দাদা-দাদির এ ব্যবস্থা কাজে আসেনি। শিশুটি ঘুম থেকে উঠে টয়লেটের দিকে যায়। সে টয়লেটের জানালায় নিরাপত্তা বেষ্টনী ছিল না।
শিশুটি প্রথমে টয়লেটের কমোডের ওপর ওঠে এবং সেখান থেকে জানালায় উঠে পড়ে যায়। অলৌকিকভাবে সে প্রথমে একটি গাছে গিয়ে পড়ে এবং সেখান থেকে পড়ে যায় মাটিতে।
শিশুটিকে মাটিতে পাওয়া এক ব্যক্তি ভিডিও ধারণ করে সম্পত্তিটি ব্যবস্থাপনার দায়িত্বে থাকা গ্রুপকে সেটি দেন।
ছেলের বাবা, যার ডাকনাম ঝু, তার প্রথম দিককার অবিশ্বাসের কথা জানিয়ে বলেন, ‘সম্পত্তি ব্যবস্থাপনা গ্রুপের নজরদারি ফুটেজ দেখার আগে শুরুতে আমি বিশ্বাস করতে পারিনি যে, সে ১৯ তলা থেকে পড়ে গেছে।’
তিনি জানান, ফ্ল্যাটটি থেকে পড়ার পর তার সন্তান সম্ভবত ১৮ তলার খোলা একটি জানালায় গিয়ে পড়ে, যা তার গতিপথ বদলে দেয়। এ কারণেই সে সরাসরি গিয়ে পড়ে গাছে এবং সরাসরি মাটিতে পড়ার আগে এটি তাকে বেশ সুরক্ষা দেয়।
ঝু জানান, এক তলা নিচের জানালা ও গাছটি না থাকলে শিশুটি সরাসরি কংক্রিটে গিয়ে পড়তে পারত।
হাসপাতালে শিশুটিকে দেখে তার বেঁচে যাওয়াকে ‘অলৌকিক’ হিসেবে বর্ণনা করেন স্বাস্থ্যকর্মীরা। তার বাম হাত ভেঙে গেছে। এ ছাড়া মেরুদণ্ডে ব্যথা পাওয়ার পাশাপাশি অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতি হয়েছে, তবে তার মাথা ছিল অক্ষত।
হাসপাতালে জ্ঞান ছিল শিশুটির। সে চিকিৎসকদের বলতে পেরেছে, ‘আমাকে একটি বাম্বলবি খেলনা কিনে দিতে বলো বাবাকে।’
