লক্ষ্মীপুরে আড়াই বছরের এক শিশুকে নিয়ে মাকে কারাগারে যেতে হয়েছে। ফারহানা আক্তার শিল্পী নামের ওই নারীকে মারামারি মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
জেল গেটের বাইরে স্কুলড্রেস পরে দাঁড়িয়ে মায়ের অপেক্ষায় ছিল আরও দুই শিশু সন্তান। মাকে কারাগারে যেতে হচ্ছে শুনে স্বজনরা দুই শিশুকে নিয়ে আসেন জেল গেটে। ছোট্ট শিশুটি মায়ের কোল ছাড়েনি, আর বাইরে দাঁড়িয়ে থাকা দুই সন্তান বুঝতেই পারছিল না—কেন তাদের মা হঠাৎ করে লোহার গেটের ওপারে চলে গেলেন।
সোমবার বিকেলে লক্ষ্মীপুর জেলা কারাগারের সামনে এমন দৃশ্যের দেখা মিলেছে।
আদালত সূত্রে জানা যায়, একটি মারামারি মামলায় ফারহানা আক্তার শিল্পী ও জহির উদ্দিন নামে দুই ব্যক্তিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। পরে শিল্পীকে তাঁর আড়াই বছরের শিশু সন্তানসহ কারাগারে নেওয়া হয়। এদিকে শিল্পীর অন্য দুই সন্তান স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী মাহাতাব উদ্দিন ভূঁইয়া। তিনি লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাহাপুর এলাকার মৃত ছিদ্দিক উল্যাহ ভূঁইয়ার ছেলে। গত ১৫ এপ্রিল তাঁর ওপর হামলার অভিযোগ এনে তিনি অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি সদর আদালতে একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত শিল্পী রড দিয়ে বাদীর মাথার পেছনে আঘাত করেন। এতে বাদীর মাথার হাড় ভেঙে গুরুতর জখম হয় এবং মাথা থেকে রক্তক্ষরণের ঘটনা ঘটে বলে অভিযোগে বলা হয়েছে।
মামলায় প্রতিবেশী ফারহানা আক্তার শিল্পীসহ মোট ১০ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও ৫ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়। শিল্পী লক্ষ্মীপুর পৌরসভার সাহাপুর এলাকার ইসমাইল হোসেনের স্ত্রী।
এ বিষয়ে আইনজীবী মহসিন কবির স্বপন জানান, শিশু সন্তানসহ ফারহানা আক্তার শিল্পী বর্তমানে কারাগারে রয়েছেন। তাঁর অন্য দুই শিশু সন্তানের পরীক্ষা চলমান থাকায় বিষয়টি আরও মানবিক উদ্বেগের সৃষ্টি করেছে।
আসামিপক্ষের আরেক আইনজীবী রাকিবুল হাসান তামিম বলেন, ‘এজহারে উল্লেখ করা হয়েছে শিল্পী লোহার রড দিয়ে বাদীর মাথায় আঘাত করেন, এতে বাদীর মাথা ফেটে মগজ বের হয়ে যায় বলে অভিযোগ রয়েছে। তবে আদালতে জমা দেওয়া মেডিকেল সার্টিফিকেটে চিকিৎসকরা সাধারণ জখম উল্লেখ করেছেন।’ এ কারণে ঘটনাটি জামিনযোগ্য হলেও আদালত শিল্পীসহ দুইজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার নুর মোহাম্মদ সোহেল জানান, আড়াই বছরের শিশুকে সঙ্গে নিয়েই তাঁর মা শিল্পীকে বিকেলে কারাগারে আনা হয়েছে।
