BD SYLHET NEWS
সিলেটশনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৫৬
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবে হজে গিয়ে আরো ২ বাংলাদেশির মৃত্যু


মে ৯, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

সৌদি আরবে হজ করতে গিয়ে আরো দুইজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত ১২ বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। শনিবার (৯ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ১০ জন পুরুষ ও ২ জন নারী।

তাদের মধ্যে মক্কায় ১০ জন ও মদিনায় ২ জন মারা গেছেন।

হেল্প ডেস্কের তথ্যানুয়ায়ী, গতকাল শুক্রবার (৮ এপ্রিল) যশোরের কোতোয়ালির মো. আব্দুল মতিন (৫৩) এবং দিনাজপুরের নবাবগঞ্জের মো. আজহারুল হক (৬৪) মক্কায় মারা গেছেন। তারা দুজনই বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী।

এ ছাড়া গত ৪ মে মক্কায় মারা যান ঠাকুরগাঁওয়ের হরিপুরের নিলুফা বেগম, ৩ মে ফরিদপুর জেলার সরদ উপজেলার নাসিরউদ্দিন বিশ্বাস, একই দিন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান চাঁপাইনবাবগঞ্জের সদরের মাহফুজা বেগম।

২৮ এপ্রিল মদিনায় মারা যান রংপুরের কোতোয়ালী থানার শামসুল আলম, ২৭ এপ্রিল জামালপুরের মাদারগঞ্জের মো. আব্দুল হাই (৬১), একই দিন মক্কায় মারা গেছেন শেরপুরের শ্রীবরদীর মো. আবদুল্লাহ আল মামুন (৫৮)। এ ছাড়া ২৬ এপ্রিল মক্কায় মারা যান দিনাজপুরের বিরামপুরের খলিলুর রহমান, ২৫ মে ময়মনসিংহের পাগলা এলাকার সেরাজুল হক। এর আগে ২২ এপ্রিল টাঙ্গাইলের সদরের আবুল কাশেম ২১ এপ্রিল মারা যান জয়পুরহাটের সদরের নইম উদ্দীন মন্ডল। অন্যদিকে এখন পর্যন্ত ১২৮টি হজ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯৬ জন বাংলাদেশি হজযাত্রী।

এরমধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪ হাজার ৭১ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪৬ হাজার ২৫ জন।
এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৯টি, সৌদি এয়ারলাইন্সের ৪৭টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২২টি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এরমধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী রয়েছেন।

গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৩১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ৩০ মে ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ৩০ জুন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।