BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:২৯
আজকের সর্বশেষ সবখবর

চাঁদাবাজির বিষয়ে সতর্ক করে বিএনপির মাইকিং


জানুয়ারি ৭, ২০২৫ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : পিরোজপুরের কাউখালী উপজেলার বিএনপির পক্ষ থেকে চাঁদাবাজির বিষয়ে সতর্ক করে মাইকিং করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় এ মাইকিং করা হয়।

মাইকিং করে জানানো হয়, ‘একটি জরুরি ঘোষণা। কাউখালী উপজেলা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে রাজনৈতিক নামধারী মাদকাসক্ত, টাউট-বাটপার ও অসাধু কিছু লোক বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়ায় ও প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে মানুষকে মামলা-হামলা ও তদবিরের কথা বলে আর্থিক লেনদেনে লিপ্ত আছেন, যা চাঁদাবাজির শামিল।

বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে কেউ লিপ্ত থাকলে আমাদের অথবা আইনপ্রয়োগকারী সংস্থাকে জানানো অনুরোধ করা হলো।’

জানা গেছে, উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম আহাসানুল কবির, সদস্যসচিব এস এম দ্বীন মোহাম্মদ ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মিয়ার পক্ষ থেকে এই মাইকিং করা হয়েছে।

এবিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক আহসানুল কবির বলেন, ‘জনসাধারণকে সতর্ক করার জন্য আমরা (কাউখালী উপজেলা বিএনপি) এ রকম মাইকিং করছি। কারণ, কয়েক মাস ধরে বিভিন্ন নামে ও বিভিন্ন পরিচয়ে মানুষকে ভয় দেখিয়ে অর্থ আদায় করা হয়েছে। এর সঙ্গে উপজেলা বিএনপি কোনোভাবেই জড়িত নয়। তাই উপজেলাবাসীকে সাবধান করতে এ ঘোষণা জানিয়েছি।’

এবিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান জানান, এসব বিষয়ে জনসাধারণের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।