বিডিসিলেট ডেস্ক : রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠেয় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র অনুষ্ঠানে যোগ দিচ্ছেন সিলেটের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩০০ নেতাকর্মী।
সোমবার (৩০ ডিসেম্বর) রাত ১১টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট জেলা, মহানগর এবং সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৫টি বাসযোগে এবং নিজস্ব ব্যবস্থাপনায় তারা ঢাকায় গমন করবেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নেতা দেলোয়ার হোসেন শিশির ও নাসিম আহমেদের নেতৃত্বে নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে বিপ্লবী সরকার গঠন উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারের সমাবেশে যোগ দেবেন নেতাকর্মীরা।
এছাড়া রাতে সুনামগঞ্জ জেলা থেকে ৩টি বাসে আনুমানিক ১৫০ জন, হবিগঞ্জ জেলা থেকে ৪টি বাসে আনুমানিক ২০০ জন এবং মৌলভীবাজার জেলা থেকে ৫টি বাসে আনুমানিক ২২০ জন ঢাকার উদ্দেশে রওনা করবেন বলে জানা যায়।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য আসাদুল্লাহ আল গালিব বর্তমানে নিজ বাড়ি রংপুরে অবস্থান করছেন। এই অনুষ্ঠানে যোগদানের জন্য তিনি সিলেটে না এসে সরাসরি রংপুর থেকে ঢাকায় যাবেন বলে জানা গেছে।
