BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩৬
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ


ডিসেম্বর ২৮, ২০২৪ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমভাগ গ্রামে ফেসবুকে উসকানি বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষে নারী-পুরুষসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন।

শনিবার সকালে পশ্চিমভাগ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এর আগে, শুক্রবার বিকেলেও ওই গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ছানু মিয়া (৪০), ধনু মিয়া (৫২), মুহিত মিয়া (৬০) ও রেনু মিয়াকে (৪২) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের তৈয়ব আলীর ছেলে অলি মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে গ্রাম্য আধিপত্য বিস্তার ও নানা বিষয়াধি নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিল একই গ্রামের মৃত বুছা মিয়ার ছেলে ধনু মিয়ার। এরই জের ধরে শুক্রবার বিকেলে ধনু মিয়ার ছেলে রনি মিয়া তার নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে তৈয়ব আলীর আরেক ছেলে খলিল মিয়াকে নিয়ে উসকানিমূলক ও আশালীন কথাবার্তা বলে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সন্ধ্যায় তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এরই জের ধরে শনিবার সকালে তারা ফের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারী-পুরুষসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।

এবিষয়ে শিবপাশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা জানান, ফেসবুকে লাইভ দেওয়া নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগের প্রেক্ষিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।