বিডি সিলেট :: দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলার চার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের পাঁচ (৫) নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (২৩ অক্টোবর) রাতে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মো: নাসির উদ্দিন খান এর সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পাঁচ (৫) নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন, উপজেলার সদর ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গোলাম রাব্বানী সুমন, সদর ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কামাল আহমদ, মধ্য জাফলং ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা লোকমান শিকদার, পূর্ব জাফলং ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বঙ্গবন্ধু ফাউন্ডেশন গোয়াইনঘাট উপজেলা শাখার সহ-সভাপতি শামীম আল মামুন, পশ্চিম জাফলং ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন যুবলীগের আহবায়ক ও উপজেলা যুবলীগের সদস্য মামুন পারভেজ।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ৪টি ইউনিয়নের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের স্হানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড কর্তৃক মনোনীত দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় ৫ জনকে গঠনতন্ত্রের ৪৭ ধারার ১১ উপধারা অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে নিজ পদ ও দলের প্রাথমিক সদস্য পদ থেকে
সরাসরি বহিষ্কার করে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগ কমিটি বরাবরে প্রেরণ করা হয়েছে।
