বিনোদন ডেস্ক : বিয়ে করলেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়া ভবানি শঙ্কর। দীর্ঘদিনের প্রেমিক রাজভেল রাজের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন এই অভিনেত্রী। ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন এই যুগল। খবর ইন্ডিয়া টুডের।
প্রিয়ার বিয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, ঐতিহ্যবাহী লাল শাড়িতে বধূ সেজেছেন প্রিয়া। এর সঙ্গে বেছে নিয়েছেন হালকা গহনা ও সাধারণ সাজ। অন্যদিকে, রাজভেলের পরনে সাদা শার্ট ও ধুতি। ভিডিওর একটি দৃশ্যে দেখা যায়, ব্রাইডমেইডদের সঙ্গে নিয়ে প্রিয়ার দিকে এগিয়ে যাচ্ছেন রাজভেল। শেষ দৃশ্যে নবদম্পতিকে উষ্ণ আলিঙ্গন করতে দেখা যায়।
সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকে নবদম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত-অনুরাগীরা। তবে এখনো বিয়ে নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি প্রিয়া।
কলেজে পড়ার সময়ে প্রিয়া ও রাজভেলের পরিচয়। এরপর এক দশকেরও বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন তারা। চলতি বছরের আগস্টে ইনস্টাগ্রাম স্টোরিতে রাজভেলের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে বাগদানের জল্পনা উসকে দেন এই অভিনেত্রী। ছবিতে দুজনকেই ঐতিহ্যবাহী পোশাকে দেখা যায়। গলায় ছিল জুঁই ফুলের মালা। ব্যাকগ্রাউন্ডে বাজছিল বিয়ের গান। ছবিটি প্রকাশ্যে আসার পর তাদের বাগদান কিংবা বিয়ের আগের বিশেষ কোনো অনুষ্ঠান সম্পন্ন হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে।
সাংবাদিক হিসেবে ক্যারিয়ার শুরু করেন প্রিয়া। পরে টেলিভিশন নাটকে অভিনয় শুরু করেন। এরপর পা রাখেন চলচ্চিত্রে। কিছুদিন আগে রবি তেজা অভিনীত, শিবা নির্ভানা পরিচালিত তেলেগু ভাষার ‘ইরুমুদি’ সিনেমায় দেখা গেছে তাকে। বক্স অফিসে সিনেমাটি শতকোটি রুপির বেশি আয় করেছে। তামিল সিনেমায় প্রিয়াকে সর্বশেষ দেখা গেছে ‘হট স্পট টু’ সিনেমায়। বর্তমানে প্রিয়ার হাতে তামিল ভাষার ৩টি সিনেমার কাজ রয়েছে। এ তালিকায় কমল হাসানের ‘ইন্ডিয়ান থ্রি’ সিনেমাও রয়েছে।
