BD SYLHET NEWS
সিলেটশনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৩৮
আজকের সর্বশেষ সবখবর

‘Freedom250’ চলচ্চিত্র প্রদর্শনীতে স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসের শিক্ষার্থীদের অংশগ্রহণ


জুলাই ৩১, ২০২৬ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

শ্রেণিকক্ষের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখার সুযোগ করে দিতে স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসের ৫ম থেকে ৮ম শ্রেণির ৩০ জন শিক্ষার্থী সম্প্রতি আমেরিকান কর্নার সিলেট আয়োজিত ‘Freedom250: Film Screening’ অনুষ্ঠানে অংশগ্রহণ করে। স্কলার্সহোম ও আমেরিকান কর্নারের যৌথ সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানটি ছিল টিলাগড় ক্যাম্পাসের ইতিহাসে শিক্ষার্থীদের অংশগ্রহণে স্কুলের বাইরে আয়োজিত প্রথম শিক্ষামূলক কার্যক্রম, যা তাদের জন্য এক অনন্য ও আনন্দঘন স্টাডি ট্যুরের অভিজ্ঞতা হয়ে ওঠে।

৩০ জুলাই বৃহস্পতিবারে এই বিশেষ আয়োজনের সুযোগ করে দেওয়ার জন্য AI Academy-এর Founder এবং U.S. Department of State-এর Alumna সৈয়দা জামিলা বকুল যুথী এবং আমেরিকান কর্নার সিলেটের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়। বিদ্যালয়ের সম্মানিত অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন -এর বিশেষ অনুরোধ ও উদ্যোগে শিক্ষার্থীদের জন্য এই অনন্য সুযোগ সৃষ্টি হয়।

নির্ধারিত সময় অনুযায়ী শিক্ষার্থীরা দুপুর ২:১৫ মিনিটে বিমান অফিস ভবনের পঞ্চম তলায় অবস্থিত আমেরিকান কর্নার সিলেটে পৌঁছালে আমেরিকান কর্নার সিলেটের কো-অর্ডিনেটর ফাবিহা তাসনিম তাঁদের আন্তরিকভাবে স্বাগত জানান এবং অনুষ্ঠানের উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।

দুপুর ২:৩০ মিনিটে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা ও সিলেট—দেশের ছয়টি বিভাগে একযোগে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরবর্তীতে দুপুর ২:৪৫ মিনিট থেকে বিকেল ৪:১৫ মিনিট পর্যন্ত শিক্ষার্থীদের জন্য The Sandlot চলচ্চিত্রটি প্রদর্শন করা হয়। বন্ধুত্ব, দলগত সহযোগিতা, আত্মবিশ্বাস, অধ্যবসায় ও শৈশবের নির্মল আনন্দকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্রটি শিক্ষার্থীদের জন্য একই সঙ্গে আনন্দদায়ক, শিক্ষণীয় ও অনুপ্রেরণাদায়ক হয়ে ওঠে।

চলচ্চিত্র প্রদর্শনী শেষে শিক্ষার্থীদের কাছ থেকে চলচ্চিত্রের বিষয়বস্তু, শিক্ষা ও অনুভূতি সম্পর্কে মতামত ও প্রতিক্রিয়া গ্রহণ করা হয়। পরে শিক্ষার্থীদের জন্য কেক ও স্যান্ডউইচ পরিবেশন করা হয়। আপ্যায়ন শেষে তারা আমেরিকান কর্নারের সমৃদ্ধ লাইব্রেরি ও এক্সিবিশন হল ঘুরে দেখার সুযোগ পায়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান ও কৌতূহল বৃদ্ধির পাশাপাশি নতুন কিছু জানার আগ্রহও তৈরি হয়।

এছাড়াও শিক্ষার্থীরা JAGO Foundation-এর অফিস পরিদর্শন করে এবং আমেরিকান কর্নার ও JAGO Foundation-এর যৌথ উদ্যোগে পরিচালিত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করে।

পুরো কর্মসূচিজুড়ে স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসের অভিজ্ঞ শিক্ষক তানজিলা সুলতানা , বিউটি দাস ও তাম্বির ইয়াসমিন শিক্ষার্থীদের সার্বক্ষণিক তত্ত্বাবধান ও নিবিড় পর্যবেক্ষণে রাখেন। তাঁদের আন্তরিকতা ও দায়িত্বশীল ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের নিরাপদে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়া, পুরো কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করা এবং অনুষ্ঠান শেষে প্রত্যেক শিক্ষার্থীকে নিজ নিজ অভিভাবকের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়।

বিকেল ৫টায় শিক্ষার্থীরা আনন্দঘন, জ্ঞানসমৃদ্ধ ও স্মরণীয় অভিজ্ঞতা নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়। স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসের জন্য এ আয়োজন ছিল একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ সূচনা। শ্রেণিকক্ষের শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখার সুযোগ সৃষ্টি, নতুন পরিবেশের সঙ্গে পরিচিত হওয়া, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং বিশ্বকে জানার আগ্রহ তৈরি করতে এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।