BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫৪
আজকের সর্বশেষ সবখবর

৫ দফা দাবিতে শ্রমিক ফ্রন্ট ও রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদের স্মারকলিপি পেশ


জুলাই ৩০, ২০২৬ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ও রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে ৫ দফা দাবিতে মহানগর পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২টায় পুলিশ কমিশনার কার্যালয়ে স্মারকলিপি গ্রহণ করেন ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার এনামুল হক।

এসময় উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা সভাপতি আবু জাফর, রিকশা, ব্যাটারি রিকশা -ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি প্রণব জ্যোতি পাল, সংগ্রাম পরিষদের আতাউর রহমান, রফিক শেখ, মজিদ মিয়া, শাহনুর, মিজান মিয়া,রণি তালুকদার, শহীদ নূর, মাহফুজ আহমদ প্রমূখ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সারাদেশের প্রায় ৬০ লাখ ও সিলেট নগরীর প্রায় ৩০ হাজার মানুষের কর্মসংস্থান এবং সর্বত্র সাধারণ মানুষের বাহন হিসেবে রিকশা, ব্যাটারি রিকশা, ইজিবাইকের ভূমিকা অস্বীকার করার কোন উপায় নেই। শুধু জীবন ও জীবিকার জন্য কাজ করা নয়, বিগত ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামেও রিকশাচালকরা অংশগ্রহণ করেছিল। যার ফলে ২০২৪ সালে জুলাই অভ্যুত্থানে প্রায় ২৪-৪৬ জন রিকশা শ্রমিকসহ হাজার মানুষের আত্মাহুতির মধ্যে দিয়ে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। সংগ্রাম পরিষদের নেতৃত্বে রাজপথের আন্দোলনের পাশাপাশি আইনগত লড়াই পরিচালিত হয়েছিল ফলে ২০২২ সালে সুপ্রীম কোর্টের আপীল বিভাগ মহাসড়ক ব্যতীত সকল সড়কে ব্যাটারিচালিত যানবাহন চলাচলের রায় প্রদান করেছিল। অন্তবর্তীকালীন সরকারের সময় গঠিত শ্রম সংস্কার কমিশনও ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদানের বিষয়ে সুপারিশ প্রদান করেছেন।

গত ১২ফেব্রুয়ারি নির্বাচনের পর বিএনপি সরকার দায়িত্ব গ্রহণ করে ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচি গ্রহণ করার ঘোষণা দিয়েছে। আমরা গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি যে ব্যাটারিচালিত যানবাহন বা ইজিবাইক, ব্যাটারি রিকশাকে একটা নীতি ও শৃঙ্খলায় আনার বিষয়ে কাজ করছে সরকার। একটি দায়িত্বশীল সংগঠন হিসাবে আমরা সেক্টরের ৬০ লাখ মানুষের জীবন-জীবিকা রক্ষায় সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার পরিকল্পনায় ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনের নীতিমালা চূড়ান্ত ও বাস্তবায়ন করার বিষয়টিকে অন্তর্ভুক্ত করার বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনায় নেওয়ার জন্য ইতোমধ্যে গত ১৯ এপ্রিল ‘২৬ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি পেশ করেছি।

সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও ৬০ লাখ মানুষের জীবন-জীবিকা রক্ষায় একটি সমন্বিত নীতিমালার দাবি দেশবাসীর দীর্ঘদিনের। কর্মসংস্থানের বিচারে এটি দেশের তৃতীয় বৃহত্তম শ্রমশক্তি যারা সরকারের কোন ধরনের নীতি সহায়তা ছাড়া বিকশিত হয়েছে। তাদের আয়ের উপর নির্ভরশীল দেশের প্রায় ৩ কোটি মানুষ। ৬০ লাখ মানুষের আয়, ব্যবসা ও উৎপাদন ঘিরে এ সেক্টর প্রতি বছর দেশের জিডিপিতে প্রায় ৩ লাখ কোটি টাকা অবদান রাখছে। কিন্তু তাদের অবদানের আইনগত স্বীকৃতি এখনও প্রতিষ্ঠিত হয় নাই।

আপনারা হয়ত আরো অবগত আছেন, BRTA ব্যাটারিচালিত যানবাহনকে একটি নীতিমালার আওতায় নিয়ে অনার জন্য ইতিপূর্বে ২০১৯, ২০২২, ২০২৪ সালে ২টি খসড়া নীতিমালা প্রকাশিত করেছিল। এর মধ্যে একটি নীতিমালা কার্যকর হয়েছে, অর একটি অপেক্ষায় আছে।

তীব্র বেকারত্বের এই দেশে কর্ম সংস্থানের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টি বিবেচনায় রেখে এবং যানজট নিরসন এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় ও ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচলিত যানবাহনের জন্য নিবন্ধন, চালকদের লাইসেন্স-প্রশিক্ষণ, রুট পারমিট, স্বল্প গতির ও লোকাল যানবানের জন্য পৃথক লেন/সার্ভিস রোড নির্মাণ করার কোন বিকল্প নেই।

বর্তমানে সারাদেশে নির্বিঘ্নে ব্যাটারি চালিত যানবাহন চলাচল করলেও বিগত প্রায় এক বছর থেকে সিলেট নগরীতে ব্যাটারি চালিত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করায় প্রায় ৩০হাজার শ্রমিক ও তার উপর নির্ভরশীল লক্ষাধিক মানুষ মানবেতর জীবন যাপন করছে।

এমতাবস্থায় সিলেট নগরীর ব্যাটারি চালিত যানবাহন চলাচলে আপনার যৌক্তিক-মানবিক সিদ্ধান্ত প্রত্যাশা করছি।
দাবি সমূহঃ
১। সিলেট নগরীতে ডাম্পিং এর উদ্দেশ্যে ব্যাটারি চালিত যানবাহন আটক বন্ধ করা।আটককৃত ব্যাটারি ও ব্যাটারি চালিত যানবাহন ফেরত দেওয়া।
২‌। বর্তমান রেকার বিল কমিয়ে বাস্তব সম্মত বিল নির্ধারণ করা।
৩। অবিলম্বে বিআরটিএ কর্তৃক ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স, নিবন্ধন ও চালকদের প্রশিক্ষণ প্রদান করা।
৪। বিভিন্ন সময়ে ব্যাটারি চালিত যানবাহন শ্রমিক,মালিক ও নেতৃবৃন্দের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করা।
৫। বৈধ বিদ্যুৎ সংযোগ গ্যারেজ সমূহে হয়রানি না করা এবং বিচ্ছিন্নকৃত গ্যারেজে পূনঃ সংযোগ প্রদান করা।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।