BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৩৯
আজকের সর্বশেষ সবখবর

টম ক্রুজ থেকে বেকহাম, তারকায় মুখরিত বিশ্বকাপের গ্যালারি


জুন ১৭, ২০২৬ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

ফুটবল বিশ্বকাপ ২০২৬ শুধু মাঠের লড়াইয়েই সীমাবদ্ধ নেই, সমান আলোচনায় রয়েছে গ্যালারির তারকাখচিত উপস্থিতিও। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত এই আসরের শুরু থেকেই বিশ্বের বিভিন্ন অঙ্গনের খ্যাতিমান ব্যক্তিদের উপস্থিতিতে স্টেডিয়ামগুলো হয়ে উঠেছে আরো বর্ণিল।

সবচেয়ে বেশি আলোচনায় আসে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-পরাগুয়ে ম্যাচ। গ্যালারিতে পাশাপাশি বসে খেলা উপভোগ করতে দেখা যায় হলিউড সুপারস্টার টম ক্রুজ এবং ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহামকে। তাদের সঙ্গে ছিলেন ফ্যাশন ডিজাইনার ও সাবেক স্পাইস গার্লস সদস্য ভিক্টোরিয়া বেকহাম। স্টেডিয়ামে এই তিন তারকার উপস্থিতি মুহূর্তেই দর্শকদের নজর কাড়ে।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করা মার্কিন পপ তারকা কেটি পেরিও গ্যালারি থেকে ম্যাচটি উপভোগ করেন। তার পাশে ছিলেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ম্যাচ চলাকালে তাদের একসঙ্গে বিভিন্ন মুহূর্ত ক্যামেরাবন্দি হয়। একই ম্যাচে উপস্থিত ছিলেন মার্কিন তারকা প্যারিস হিলটন এবং অভিনেতা জেসন সুডেইকিসও।

অন্যদিকে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিল ও মরক্কোর ম্যাচেও ছিল তারকাদের ভিড়। গ্যালারির অন্যতম আকর্ষণ ছিলেন কিংবদন্তি এনএফএল কোয়ার্টারব্যাক টম ব্র্যাডি এবং জনপ্রিয় র‍্যাপার ট্রাভিস স্কট। ম্যাচ শুরুর আগে তারা ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের সঙ্গে সাক্ষাৎ করেন। সেই ছবি ও ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। টম ব্র্যাডি এদিন তার সন্তানদের সঙ্গে ম্যাচ উপভোগ করেন।

বিশ্বকাপ উপলক্ষে প্রকাশিত ‘সির সির’ গানের মাধ্যমে আলোচনায় থাকা বলিউড তারকা নোরা ফাতেহিও ছিলেন গ্যালারিতে। কানাডায় উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার পর তিনি ব্রাজিল-মরক্কো ম্যাচ দেখতে মাঠে যান। মরক্কোকে সমর্থন জানিয়ে ম্যাচ চলাকালে নিয়মিত ইনস্টাগ্রামে রিলস শেয়ার করেন এই নৃত্যশিল্পী ও অভিনেত্রী।

ব্রাজিলের ম্যাচে আরো উপস্থিত ছিলেন দেশটির কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও, কাকা এবং রবার্তো কার্লোস। ভিআইপি গ্যালারিতে দেখা যায় ব্রাজিলের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ও উদ্যোক্তা ভার্জিনিয়া ফনসেকাকেও। ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের সাবেক প্রেমিকা হিসেবেও তিনি সম্প্রতি আলোচনায় রয়েছেন।

এদিকে স্কটল্যান্ড ও হাইতির ম্যাচেও দেখা যায় আরেক কিংবদন্তিকে। ব্রিটিশ সংগীতশিল্পী রড স্টুয়ার্ট সন্তানদের নিয়ে প্রাইভেট বিমানে বোস্টনে পৌঁছে স্কটল্যান্ডের খেলা উপভোগ করেন। ৮১ বছর বয়সী এই শিল্পী এদিন তার নর্থ আইল্যান্ডের কনসার্ট বাতিল করে খেলা দেখতে আসেন। তিনি জানান, এটি তার জীবনের সপ্তম বিশ্বকাপ। ২৮ বছর পর স্কটল্যান্ডের বিশ্বকাপে প্রত্যাবর্তনের আনন্দ ভাগ করে নিতেই তিনি স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন।

ভিডিও প্রকাশ করে তিনি লেখেন, আমি আর ছেলেরা বিশ্বকাপে আমাদের স্কটল্যান্ডকে দেখতে বোস্টনের পথে! স্কটল্যান্ড নেই তো পার্টিও নেই।

মাঠের রোমাঞ্চের পাশাপাশি বিশ্বকাপের গ্যালারিতে বিশ্বের খ্যাতিমান তারকাদের উপস্থিতি এবারের আসরে যোগ করেছে ভিন্ন এক মাত্রা। ফুটবলপ্রেমীদের কাছে তাই শুধু ম্যাচ নয়, গ্যালারির তারকাময় পরিবেশও হয়ে উঠেছে সমান আকর্ষণের কেন্দ্রবিন্দু।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।