BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৫৯
আজকের সর্বশেষ সবখবর

দক্ষ জনশক্তি তৈরি করে এগিয়ে যাচ্ছে লিডিং ইউনিভার্সিটি: উপাচার্য ড. তাজ উদ্দিন


জুন ৪, ২০২৬ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির সামার সেমিস্টার ২০২৬ এ ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান বৃহস্পতিবার (০৪ জুন ২০২৬) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের আন্ডাগ্র‍্যাজুয়েট প্রোগ্রামে সামার সেমিস্টার ২০২৬ ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।

ইউনিভার্সিটির বিভিন্ন প্রোগ্রামের নতুন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিন অতিবাহিত করেন আনন্দমুখর পরিবেশে। শিক্ষার্থীদের সাথে বিপুল সংখ্যক অভিভাবক প্রাকৃতিক ছায়াঘেরা লিডিং ইউনিভার্সিটির ক্যাম্পাস ও অবকাঠামো দেখে সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য হিসেবে নবীন শিক্ষার্থীদেরকে স্বাগত জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের স্কলারদের ছাড়া শিল্প চলতে পারে না, তাই আমি শিল্পের উন্নতির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়সহ অন‍্যান‍্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছি। তিনি আরো বলেন, গ্রামে প্রতিষ্ঠিত হলেও লিডিং ইউনিভার্সিটি মানব সম্পদ উন্নয়নে কাজ করে যাচ্ছে। তুলনামূলকভাবে কম খরচে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবিষ্যতে যাতে উন্নত জীবন যাপনের ব‍্যবস্থা করে নিজের পরিবার সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে তার জন্য সর্বাত্বক সহযোগিতা প্রদান করা হচ্ছে। তিনি নবীন শিক্ষার্থীদেরকে আজ থেকে লিডিং ইউনিভার্সিটির পরিবারের সদস্য উল্লেখ করে তাদের অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ছেলে-মেয়েরা কি করছে, বিশ্ববিদ্যালয়ে এসে ঠিকমতো পড়াশোনা করছে কিনা, সেসব বিষয়ে মাঝেমধ্যে খুঁজ খবর রাখা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং প্রশাসনের সহযোগিতা সবসময়ই থাকবে বলেও তিনি আশ্বাস প্রদান করেন। তিনি বিভিন্ন বিভাগের গত সেমিস্টারের সেরা শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানান এবং তাদেরকে সনদ ও ক্রেস্ট প্রদান করেন। পরিশেষে তিনি তরুণ শিক্ষার্থীদেরকে সুশিক্ষিত করে সমাজ ও দেশের উন্নয়নে দক্ষ মানব সম্পদে পরিনত করতে এবং এ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সবাইকে সম্মিলিত প্রচেষ্টার মাধ‍্যমে কাজ করার আহবান জানান।

দক্ষ জনশক্তি তৈরি করে লিডিং ইউনিভার্সিটি এগিয়ে চলছে উল্লেখ করে সভাপতির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, নেতৃত্ব তৈরি করতে লিডিং ইউনিভার্সিটির কাজ করছে এবং আজকের নবীন শিক্ষার্থীরাই ভবিষ্যত লিডার। তিনি শিক্ষার্থীদেরকে পড়াশোনার পাশাপাশি গবেষণা এবং সুপ্রতিষ্ঠিত অ‍্যালামনাইদের অনুসরণসহ শিক্ষকদের কথামতো চলার পরামর্শ প্রদান করেন। সন্তানদের উন্নত জীবন গঠনে তিনি অভিভাবকদের সহযোগিতা কামনা করে আজকের সফল অনুষ্ঠান আয়োজন করার জন‍্য আয়োজক কমিটিকে ধন্যবাদ প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই বলেন, ওরিয়েন্টেশন অনুষ্ঠান নতুন শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের প্রথম পদক্ষেপ। আজকের অনুষ্ঠানকে খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে উন্নত বিশ্বের সাথে পরিচিত করতে সাহায্য করে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আর্টিফিশ‍্যাল ইন্টেলিজেন্স (Ai) প্রভাবে দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সাথে তালমিলিয়ে এবং নিজেদেরকে সামঞ্জস্য রাখতে এডুকেশন এবং প্রফেশনালিজম হতে হবে, লিডিং ইউনিভার্সিটিতে শিক্ষাবান্ধব পরিবেশ এবং অভিজ্ঞ শিক্ষকবৃন্দের সমন্বয়ে শিক্ষার্থীদের জন‍্য রয়েছে বাস্তব জ্ঞানার্জনের সুযোগ।

ওরিয়েন্টেশন প্রোগ্রামে লিডিং ইউনিভার্সিটির ফল সেমিস্টার ২০২৫ এ কৃতি শিক্ষার্থীদেরকে বেস্ট স্টুডেন্ট অ‍্যাওয়ার্ড ২০২৫ এর সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। অ‍্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ‍্যে অনুভূতি প্রকাশ করে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাদিয়া জান্নাত বলেন, লিডিং ইউনিভার্সিটির শিক্ষাবান্ধব পরিবেশে ও দক্ষ শিক্ষকদের সান্নিধ্যে থেকে আজ আমি এ পর্যায়ে আসতে পেরেছি, সেজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বেস্ট স্টুডেন্ট অ‍্যাওয়ার্ড ২০২৫ প্রাপ্ত শিক্ষার্থী ইশরাত মাহজাবিন মান্নি ব‍্যবসায় প্রশাসন বিভাগ, হুমায়রা হক ইমু ট‍্যুরিজম এন্ড হসপিটালিটি ম‍্যানেজমেন্ট বিভাগ, তুফা হুসেইন নোভা ইংরেজি বিভাগ, শেখ মোসা. রাজনা ইসলামিক স্টাডিজ বিভাগ, সাদিয়া জান্নাত কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, তাহিয়াত রশিদ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ফাতিমা তাসনীম সাভিহা ইলেকট্রিক‍্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ।

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম।

নবীনবরণ অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ আব্দুল হান্নান এবং ড. সাদিয়া মালিক চৌধুরী, ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজক কমিটির কনভেনার প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. রেজাউল করিম, ছাত্রকল‍্যাণ উপদেষ্টা প্রফের ডা. মো. আব্দুল মজিদ মিয়া, লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মাহবুবুর রহমান এবং সকল বিভাগের বিভাগীয় প্রধানদের পক্ষে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান কাজী মো. জাহিদ হাসান। নবীন শিক্ষার্থী হিসেবে অনুভূতি ব‍্যক্ত করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শাহ মৌনতা অরনি।

নবীনবরণ অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. কবির আহমেদ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, লাইব্রেরিয়ান এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

লিডিং ইউনিভার্সিটির ট‍্যুরিজম এন্ড হসপিটালিটি ম‍্যানেজমেন্ট বিভাগের সহকারি অধ‍্যাপক মিসেস জহুরা জামিন জোহা এবং ইংরেজি বিভাগের প্রভাষক মো. এনাম আহমেদের সঞ্চালনায় নবীনবরণ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী জামিউর রহমান, পবিত্র গীতা পাঠ করেন ব‍্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী অবিরাম গোপাল দাশ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।