BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৩৪
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের পথে বিজয়-রাশমিকা


ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

দক্ষিণ ভারতীয় জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ের প্রস্তুতি নিচ্ছেন বলে ব্যাপক আলোচনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়ানো আমন্ত্রণপত্র ও ঘনিষ্ঠ সূত্রের তথ্য মিলিয়ে এখন প্রায় নিশ্চিত ধরা হচ্ছে, এই বহুল আলোচিত তারকা–বিয়ের আয়োজন। এই দুই তারকা প্রকাশ্যে এখনো কিছু না বললেও প্রতিটি আপডেটে খবর রাখছেন ভক্তরা। এ কারণেই সম্প্রতি বিজয়ের হায়দরাবাদের বাড়ির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, আগামী সপ্তাহে উদয়পুরে হতে যাওয়া বিয়েকে ঘিরে তাঁর বিলাসবহুল বাড়িটি সাজানো হয়েছে জমকালো আলোকসজ্জায়।

আর মাত্র এক সপ্তাহ, শোনা যাচ্ছে, ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরের একটি প্রাসাদে বিয়ে করবেন এই জুটি। সেই বিয়ের অনুষ্ঠান সামনে রেখে ‘অর্জুন রেড্ডি’খ্যাত অভিনেতার হায়দরাবাদের বিলাসবহুল বাড়িটি সাজানো হয়েছে অসংখ্য ফেয়ারি লাইটে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বাড়ির ভেতরে কর্মীদের ব্যস্ততা দেখা গেছে, পরিচ্ছন্নতা তাঁবু টানানোসহ নানা প্রস্তুতির কাজ করতে দেখা গেছে তাঁদের।

কয়েক দিন আগে মুম্বাই বিমানবন্দরে দেখা যায় হবু এই তারকা দম্পতিকে। যদিও তাঁরা একসঙ্গে আসেননি, তবে একই সময়ে একই জায়গায় তাঁদের উপস্থিতি নজরে পড়ে পাপারাজ্জিদের। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিয়ের কার্ডও ভাইরাল হয়, যেখানে উল্লেখ করা হয়—২৬ ফেব্রুয়ারিতে বিয়ে করছেন বিজয় ও রাশমিকা।
কার্ডে আরও বলা হয়েছে, আগামী ৪ মার্চ সন্ধ্যা ৭টা থেকে হায়দরাবাদের বানজারা হিলসের তাজ কৃষ্ণা হোটেলে আয়োজন করা হবে বিবাহোত্তর সংবর্ধনা। কার্ডে লেখা ছিল, ‘পরিবারের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে রাশমিকা ও আমি ২৬.০২.২৬ তারিখে একটি ছোট ও ঘরোয়া আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছি। আমাদের বিবাহোত্তর সংবর্ধনায় আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ৪ মার্চ ২০২৬, সন্ধ্যা ৭টা থেকে। তাজ কৃষ্ণা, বানজারা হিলস, হায়দরাবাদ। একসঙ্গে উদ্‌যাপনের অপেক্ষায় রইলাম। শুভেচ্ছান্তে, বিজয় (রাশমিকা ও আমার পক্ষ থেকে)।’তবে কার্ডটি সত্যিই এই তারকা জুটির সঙ্গে সংশ্লিষ্ট কি না, তা এখনো নিশ্চিত নয়।

‘ডিয়ার কমরেড’ খ্যাত এই জুটি বরাবরই ব্যক্তিগত বিষয় গোপন রাখতে পছন্দ করেন। জানা গেছে, বিয়ের অনুষ্ঠানটি খুব ছোট পরিসরে এবং সীমিত অতিথি তালিকা নিয়ে আয়োজন করা হবে। ইন্ডিয়া টুডেকে ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, ‘অতিথির সংখ্যা খুবই কম থাকবে। কোনো মোবাইল ফোনের অনুমতি থাকবে না। এমনকি যাঁরা বিয়ের ভিডিও ধারণ করবেন, তাঁদেরও চুক্তিতে সই করতে হচ্ছে।’ পিঙ্কভিলা অবলম্বনে

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।