BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০৮
আজকের সর্বশেষ সবখবর

গুগলের নতুন এআই মডেল জেমিনাই ২.৫


মার্চ ২৭, ২০২৫ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

তথ্য প্রযুক্তি ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অগ্রগতিতে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট গুগল। তাদের এআই মডেল জেমিনাই ২.০ উন্মোচনের মাত্র কয়েক মাসের মধ্যে প্রতিষ্ঠানটি জেমিনাই ২.৫ নামে আরেকটি উন্নত সংস্করণ প্রকাশ করেছে।

গুগল দাবি করেছে, ‘নতুন মডেলটি গণিত, কোডিং ও বিজ্ঞানবিষয়ক কাজে আগের চেয়ে আরও দক্ষ। এটি ‘LLMArena’-তে শক্তিশালী পারফরম্যান্স দেখিয়েছে, যা যুক্তি ও বিশ্লেষণভিত্তিক চিন্তাধারায় উন্নত।’

জেমিনাই ২.৫ সিরিজের প্রথম মডেল ‘জেমিনাই ২.৫ প্রো এক্সপেরিমেন্টাল’। গুগল বলছে, এটি একটি ‘থিংকিং মডেল’, যা বিশ্লেষণ ও প্রসঙ্গ অনুযায়ী আরও উন্নত উত্তর দিতে সক্ষম। এর আগের জেমিনাই ২.০ সিরিজের তুলনায় এটি ভিন্ন। যেখানে ২.০-এর ‘ফ্ল্যাশ’ সংস্করণ ছিল দ্রুত ও কম ব্যয়বহুল, সেখানে ২.৫ আরও শক্তিশালী যুক্তিবিদ্যা ও প্রসঙ্গ বিশ্লেষণ সক্ষমতা অর্জন করেছে। গুগল ডিপমাইন্ডের প্রধান প্রযুক্তি কর্মকর্তা কোরায় কাভুকচুওগ্লু এক ব্লগ পোস্টে বলেন, ‘জেমিনাই ২.৫ মডেলের মাধ্যমে আমরা পারফরম্যান্সের নতুন স্তরে পৌঁছেছি। এতে উন্নত বেস মডেলের সঙ্গে আরও শক্তিশালী পোস্ট-ট্রেনিং যুক্ত করা হয়েছে। ভবিষ্যতে আমরা এই চিন্তন সক্ষমতা সব মডেলে সংযুক্ত করব, যাতে সেগুলো আরও জটিল সমস্যা সমাধানে পারদর্শী হয়।’

গুগল সম্প্রতি তাদের পরিষেবাগুলোতে জেমিনাই ২.০ ব্যবহার করা শুরু করেছে। জটিল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এটি ডিপ রিসার্চকে আরও শক্তিশালী করেছে। জেমিনাই ২.৫ প্রো এক্সপেরিমেন্টাল এখন গুগল এআই স্টুডিওতে পাওয়া যাচ্ছে এবং জেমিনাই অ্যাডভান্সড গ্রাহকরা এটি সরাসরি জেমিনাই অ্যাপে ব্যবহার করতে পারবেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।