BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০৪
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, গ্রেফতার ৪


ডিসেম্বর ১৪, ২০২৪ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট প্রতিবেদক : চলতি মাসের শুরুর দিকে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার এলাকায় হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি, দোকানপাট ও স্থানীয় লোকনাথ মন্দিরে হামলা হয়। এসব ঘটনায় জড়িত থাকায় চারজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার তাঁদের গ্রেফতার করা হয়েছে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

বলা হয়েছে, ৩ ডিসেম্বর সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার মংলারগাঁও গ্রামে আকাশ দাস (২০) তাঁর ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্মকে কটাক্ষ করে অবমাননাকর পোস্ট দেন। পোস্টটি ডিলিট করা হলেও স্ক্রিনশট নিয়ে এলাকার জনগণের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দোয়ারাবাজার থানা-পুলিশ আকাশ দাসকে ঘটনার দিনই আটক করে। এ সময় স্থানীয়রা আকাশ দাসকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে নিরাপত্তার স্বার্থে তাঁকে দোয়ারাবাজার থানায় না নিয়ে সদর থানায় নেওয়া হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ওই দিন জনতা হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি, দোকানপাট ও স্থানীয় লোকনাথ মন্দির ভাঙচুর ও ক্ষতিসাধন করে। জেলার এসপি, ডিসি, সেনাবাহিনী এবং পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ওই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য পুলিশ নিবিড়ভাবে তদন্ত করে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত আসামিদের শনাক্ত করে বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০/১৭০ জনের বিরুদ্ধে মামলা করে।

এ ঘটনায় আলীম হোসেন (১৯), সুলতান আহম্মেদ রাজু (২০), ইমরান হোসেন (৩১) ও শাজাহান হোসেনকে (২০) গ্রেফতার করা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।