BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৫০
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে পেট্রোল পাম্পে অগ্নিকান্ড, দগ্ধ দুইজনকে ঢাকায় প্রেরণ


জানুয়ারি ২২, ২০২৪ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডটকম : সিলেট নগরের মাদিনা মার্কেট এলাকায় নর্থ-ইস্ট পেট্রোল পাম্পে ট্যাংক লরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ৫ জনের মধ্যে উন্নত চিকিৎসার জন্য ২ জনকে ঢাকায় প্রেরণ করা হচ্ছে।

সোমবার (২২ জানুয়ারি) দুপুর আড়াইটায় দগ্ধ দুজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সের মাধ্যেমে ঢাকায় প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ডা. আব্দুল মান্নান।

অগ্নিকান্ডে দগ্ধরা হলেন-সিলেট সিটি করপোরেশনের ঘাসিটুলা বেতেরবাজার এলাকার জাফর আলীর ছেলে মো.মনতাজ মিয়া (৩৫), একই এলাকার মঙ্গল মিয়ার ছেলে মো.লিটন মিয়া (২৫), মতি মিয়ার ছেলে মো.আলম মিয়া (২৩), মিছির আলীর ছেলে মো.মতি মিয়া (৬০), রজনি চন্দ্র দাসের ছেলে সুভাষ দাস (৫৫)।

এদের মধ্যে ঘাসিটুলা বেতেরবাজার এলাকার জাফর আলীর ছেলে মো. মনতাজ মিয়া (৩৫) ও মিছির আলীর ছেলে মো. মতি মিয়ার (৬০) অবস্থার অবনতির কারণে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে প্রেরণ করা হবে।

সিলেট ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ডা.আব্দুল মান্নান বলেন, ৫ জনের অবস্থাও ঝুঁকিপূর্ণ। ঢাকায় যে দুজনকে প্রেরণ করা হবে তাদের শরীরের ৩৫ ভাগ পুড়ে গেছে।এছাড়া শ্বাসনালির কিছু অংশ পুড়ে গেছে বলে আমরা ধারণা করছি। বাকি তিনজনের মধ্যে দুজনের শরীরের বিভিন্ন অংশের ৩০ ভাগ ও একজনের ২৮ভাগ পুড়ে গেছে।

সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর জানান, অগ্নিদগ্ধ সবাই সিলেট সিটি করপোরেশনের ডে লেভার হিসেবে ড্রেন খননের কাজে নিয়োজিত ছিলেন।এই ঘটনায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্দেশে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।