BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৪২
আজকের সর্বশেষ সবখবর

রোজিনার অনুষ্ঠানে জায়েদ খানকে নিয়ে হুলুস্থুল!


জুন ১১, ২০২৩ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : আগামী ১৬ জুন মুক্তি পাচ্ছে বরেণ্য অভিনেত্রী রোজিনা নির্মিত প্রথম সিনেমা ‘ফিরে দেখা’। সরকারি অনুদানের এই সিনেমায় অভিনয় করেছেন তিনি নিজেও। সঙ্গে আছেন ইলিয়াস কাঞ্চন, নিরব, অর্চিতা স্পর্শিয়াসহ অনেকে। ‘ফিরে দেখা’ মুক্তিকে সামনে রেখে গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় কয়েক পাতার লিখিত বক্তব্য নিয়ে হাজির হন রোজিনা। আর পাতা উল্টে থেমে থেমে এই অভিনেত্রী বলেন, ‘অনেক বছর পর আমি প্রযোজনা করেছি, “ফিরে দেখা”, এটা কিন্তু অনুদানের ছবি। দর্শক আমার অভিনীত আমার ছবি দেখেছে। এই প্রথম আমি পরিচালনা করেছি। শিল্পী-কুশলী সবাই আমাকে অনেক সহযোগিতা করেছেন, তাই তাড়াতাড়ি শেষ করতে পেরেছি। আমার প্রথম পরিচালিত ছবি এটি, আশা করি দর্শকরা হলে গিয়ে দেখবেন।’

রোজিনার ডাকে এই আয়োজনে ‘ফিরে দেখা’র শিল্পীদের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন অঞ্জনা, অরুনা বিশ্বাস, বাপ্পরাজ, চিত্রনায়ক আরিফিন শুভ, জায়েদ খানসহ অনেকেই।

সংবাদমাধ্যম ও ইউটিউব মিলে এই আয়োজনে ক্যামেরা উপস্থিত ছিল প্রায় ৫০-এর অধিক। ক্যামেরার অধিক উপস্থিতির কারণে বিরক্তিবোধ করছিলেন অতিথিরা। আর অনুষ্ঠান চলাকালিন মঞ্চে দিকে লক্ষ্য না করে, অনেকেই ক্যামেরা নিয়ে ছুটে যান জায়েদের দিকেই। সে কারণে একটা সময় খেপে যান রোজিনা। এক পর্যায়ে মঞ্চ থেকে নেমে আসেন তিনি। সবাইকে তিনি মূল অনুষ্ঠানের দিকে নজর দেওয়ার আহ্বান জানান।

এ সময় বিরক্তিকর মুখে রোজিনা বলেন, ‘আমি তো এদের দাওয়াত দেইনি। এরা কিভাবে এলো। আমি তো শুধু সাংবাদিকদের বলেছি। ইউটিউবার কাউকেই আমি বলিনি। এভাবে অনুষ্ঠানের মাঝে অন্য প্রসঙ্গ নিয়ে কথাবার্তা বলা বা সাক্ষাৎকার নেওয়ার জন্য হুলুস্থুল করার কোনো মানে হয় না।’

উল্লেখ্য, ‘ফিরে দেখা’ নির্মাণের জন্য ২০১৯-২০ অর্থবছরে ৫০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছেন রোজিনা। নির্মাণ ও অভিনয়ের পাশাপাশি এর গল্প, চিত্রনাট্যের কাজও করেছেন তিনি। এর শুটিং শুরু হয় ২০২১ সালের মার্চে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।