বিডিসিলেট ডটকম : সিলেট নগরীতে বিশাল শোডাউন করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে শোডাউনকালে স্লোগানে স্লোগানে পুরো নগরী প্রকম্পিত হয়ে উঠে।
সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ ও মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক নাঈম হাসানের নেতৃত্বে শোডাউনটি পূর্ব জিন্দাবাজার থেকে জিন্দাবাজার পয়েন্ট হয়ে চৌহাট্টা পয়েন্টে কিছু সময় অবস্থান নেন।
এসময় সেখানে তারা ‘জয়বাংলা’, ‘জয়বাংলা’ স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।
কিছুসময় চৌহাট্টা পয়েন্টে অবস্থানের পর ছাত্রলীগ নেতাকর্মীরা মিছিল সহকারে জিন্দাবাজার হয়ে বন্দরবাজারের দিকে চলে যান।
এর আগে সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমদের নেতৃত্বে একটি মিছিল রিকাবীবাজার থেকে আলিয়া মাদ্রাসার মাঠের সামনে দিয়ে চৌহাট্টা পয়েন্টের দিকে আসে।
এসময় আলিয়া মাদ্রাসার মাঠে অবস্থানকারী বিএনপি নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। এছাড়াও স্থানীয় জনসাধারণের মধ্যে তাৎক্ষণিক উৎকন্ঠা দেখা দিলেও শেষ পর্যন্ত কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয় সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের শোডাউন।
