বাহুবল প্রতিনিধিঃ বাহুবলে ৬ বছরের শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আলমগীর মিয়া (১৫) কে ঘটনার ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আলমগীর মিয়া উপজেলার কচুয়াদি গ্রামের আব্দুল জাহিরের পুত্র। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মিরপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, উপজেলার মিরপুর ইউনিয়নের কচুয়াদি গ্রামে গত রবিবার নানার বাড়িতে বেড়াতে আসে ৬ বছরের জনৈক এক স্কুল শিক্ষার্থী। ওই দিন বিকেলে প্রচন্ড বৃষ্টিপাত শুরু হলে এই সুযোগে প্রতিবেশী আলমগীর মিয়া ওই শিশু শিক্ষার্থীকে তার নানার বসতঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
এসময় শিশুটির মামা ধর্ষক আলমগীর মিয়াকে ঝাপটে ধরার চেষ্টা করলে আলমগীর তাকে ধাক্কা দিয়ে ফেলে চলে যায় সে। পরে ওই শিশু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে নানা নানী ও মামা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান। সোমবার ২৫ জুলাই ঘটনাটি জানাজানি হলে এলাকায় এক চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়। এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক বাহুবল মডেল থানার ইন্সপেক্টর তদন্ত প্রজিত কুমার দাস একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন ও লম্পট আলমগীর মিয়াকে গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা করেন।
সোমবার দিবাগত রাতে বাহুবল মডেল থানায় ভিকটিম শিশুকে সাথে নিয়ে তার দাদী আয়োশা আক্তার বাদী হয়ে আলমগীর মিয়ার বিরুদ্ধে বাহুবল মডেল থানায় মামলা দায়ের করেন। পরে ইন্সপেক্টর তদন্ত প্রজিত কুমার দাসের দিক-নির্দেশনায় এসআই জালাল উদ্দীনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেন বাহুবল মডেল থানার ইন্সপেক্টর তদন্ত প্রজিত কুমার দাস।
