গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৮ হাজার ২৬ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। এছাড়া প্রায় ২১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
মামলায় ২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত ৮ হাজার জনকে আসামি করা হয়েছে। মামলায় উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক বাবুল শেখসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে, গত ২২ নভেম্বর টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল আহম্মেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত টুঙ্গিপাড়া থানায় দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটায় সজ্জিত হয়ে সংঘবদ্ধ একটি দল বেআইনিভাবে টুঙ্গিপাড়া থানায় প্রবেশ করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। খুনের উদ্দেশ্যে মারধর করে সাধারণ মানুষ ও পুলিশ সদস্যদের গুরুতর জখম করা হয়। একপর্যায়ে থানার অস্ত্রাগারের তালা ভেঙে অস্ত্র ও গোলাবারুদ লুট করে তারা। একই সঙ্গে সরকারি গাড়ি, থানা ভবন ও পুলিশ ব্যারাকসহ বিভিন্ন সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতিসাধন করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
ক্ষয়ক্ষতির বিষয়ে মামলার বিবরণীতে জানা যায়, সেদিন থানার অস্ত্রাগার থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে একটি এলএমজির ১০০ রাউন্ড গুলি, আটটি ৭.৬২ চায়না রাইফেল ও ২৮১ রাউন্ড গুলি, ১১টি শটগান ও ৬৬৯ রাউন্ড রাবার কার্তুজ, দুটি গ্যাসগান ও ২৮টি গ্যাস সেল।
এ ছাড়া আটটি ৯ এমএম পিস্তল, ২২টি ম্যাগাজিন ও ১৯৮ রাউন্ড গুলি, একটি ৭.৬২ পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২৬ রাউন্ড গুলি এবং তিনটি এসএমজি, ছয়টি ম্যাগাজিন ও ১৫০ রাউন্ড গুলি লুটের তালিকায় উল্লেখ করা হয়েছে। লুট হওয়া এসব অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা। সব মিলিয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটে সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২১ কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারাসহ দণ্ডবিধি এবং অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়। এই মামলায় এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার হয়নি বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম।
