BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:০৮
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত


জুলাই ১৯, ২০২২ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জে পিকআপ ভ্যান চাপায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার কান্দিগাঁও নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কান্দিগাঁও গ্রামের ইউসুফ আলী (৫৫) ও তার ছেলে মোহাম্মদ আলী (৫)। দুর্ঘটনার পর মহাসড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ করে স্থানীয়রা। এ সময় যানজট সৃষ্টি হয়।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিমল চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ইউসুফ আলী ও তার একমাত্র শিশু সন্তান মোহাম্মদ আলীকে নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ শিশু মোহাম্মদ আলী দৌঁড়ে মহাসড়ক পারাপার হওয়ার চেষ্টা করে। তখন ছেলেকে বাঁচাতে দৌঁড়ে যান ইউসুফ আলী। এ সময় সিলেটগামী একটি দ্রুতগতির পিকআপ ভ্যানের চাপায় শিশু মোহাম্মদ আলীর মাথা থেঁতলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

এ ঘটনায় গুরুতর আহত ইউসুফ আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনিও মারা যান। দুর্ঘটনার পর দ্রুত পিকআপ ভ্যান পালিয়ে যায়। পরে ঢাকা-সিলেট মহাসড়কে গাছ ফেলে অবরোধ করে রাখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করেন।

আগামী ২৪ জুলাই নিহত ইউসুফ আলী দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ব্রুনাইয়ে যাওয়ার কথা ছিল।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।