BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৮
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে স্কুলে যাওয়ার পথে নৌকা ডুবে ২ ভাইবোনের মৃত্যু


জুন ১৫, ২০২২ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিদ্যালয়ে যাওয়ার পথে নৌকা ডুবে দুই শিক্ষার্থী ভাইবোনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ জুন) সকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের গোজাউড়া হাওরে এই দুর্ঘটনা ঘটে। এসময় নৌকাডুবিতে তামান্না আক্তার (১৫) নামে সমুজ আলী স্কুল এন্ড কলেজের এক ছাত্রী ও সৌরভ হাসান (১১) নামে টিলাগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রের প্রাণহীন ঘটে। নিহতেরা আপন ভাই বোন। উভয়েই উপজেলার সুরমা ইউনিয়নের রাজনগর গ্রামের ময়না মিয়ার সন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুরমা ইউনিয়নের রাজনগর গ্রাম থেকে ডিঙ্গী নৌকা দিয়ে ছাত্রছাত্রীরা সমুজ আলী স্কুল এন্ড কলেজ ও টিলাগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে গোজাউড়া হাওরে এসে ঝড়ের কবলে পড়ে। এসময় নৌকাটি ডুবে যায়।

তাৎক্ষনিকভাবে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে ৩ জনকে উদ্ধার করে। তারমধ্যে পঞ্চম শ্রেণীর ছাত্র সৌরভ হাসানের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। অনেক খোঁজাখুঁজির পর নৌকা ডুবে নিখোঁজ হওয়া তামান্না আক্তারের মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। নৌকায় থাকা এসএসসি পরীক্ষার্থী সাইফুল (১৫) ও রুমি আক্তার (১৬) সাতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনচার্জ দেবদুলাল ধর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতদের লাশ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা প্রিয়াংকা জানান, ‘নৌকা ডুবে নিহিত দুই শিক্ষার্থীর পরিবারকে তাৎক্ষণিক ভাবে সরকারি অনুদান নগদ ৪০ হাজার টাকা প্রদান করা হয়েছে।’

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।