BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:১৩
আজকের সর্বশেষ সবখবর

১১ ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, ৬ টুকরা করে মরদেহ ফেলা হয় বিভিন্ন স্থানে


নভেম্বর ১৫, ২০২৬ ১২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর বাউফলে সাত দিন ধরে নিখোঁজ থাকা রুহুল আমিন সিকদারের (৬৫) খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যার পর তার মরদেহকে ৬ টুকরো করে ফেলা হয় বিভিন্ন স্থানে। পুলিশের অনুসন্ধানে একে একে বেরিয়ে এসেছে এমন লোমহর্ষক তথ্য। এ ঘটনায় নারীসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সব্যসাচী। এর আগে কালিশুরী ইউনিয়নের পোনাহুরা সড়কের পাশের ডোবা ও ঝোপঝাড় থেকে মরদেহের খণ্ডিত অংশগুলো উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন-পোনাহুরা গ্রামের সাহিদা বেগম (৫৫) ও আবুল বাশার (৪০)। এ ছাড়া হত্যাকাণ্ডে জড়িত সোহেল নামের অপর এক আসামি জড়িত থাকলেও তিনি বর্তমানে পলাতক রয়েছেন।

স্থানীয় সূতোর জানা গেছে, নিহত রুহুল আমিন সিকদার বাউফলের কেশবপুর ইউনিয়নের বাজেমহল গ্রামের বাসিন্দা হলেও তিনি স্ত্রী শাহিনা বেগম ও ছেলে অ্যাডভোকেট ইমরান হোসেনের সঙ্গে ঢাকায় বসবাস করতেন। মামলাসংক্রান্ত কাজে গত ৪ নভেম্বর তিনি ঢাকা থেকে পটুয়াখালী আসেন। এরপর ৬ নভেম্বর বিকেল পর্যন্ত তিনি বড় বোন ফজিলাতুন্নেছার বাড়িতে ছিলেন। ওই দিন সন্ধ্যায় তিনি নুরাইনপুর বাজারে যান। সেখান থেকে সাহিদা বেগমের বাড়িতে যাওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

পুলিশের তথ্যানুযায়ী, সাহিদা বেগম সম্পর্কে নিহতের ফুফাতো বোন। সাহিদার স্বামী শাহজাহান ২০০২ সালের সালাউদ্দিন লঞ্চডুবির ঘটনায় মারা যান। স্বামীর মৃত্যুর পর রুহুল আমিনের সঙ্গে শাহিদার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। সাহিদা তার দুই ছেলেকে ইতালি পাঠানোর জন্য রুহুলের কাছ থেকে কয়েক লাখ টাকা ধার নেন।

একপর্যায়ে ধার নেওয়া টাকা ফেরত দেওয়া নিয়ে তাদের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। এরই মধ্যে শাহিদা বেগমের বাড়ির পাশের এক ইলেকট্রিশিয়ান ও সম্পর্কে দেবর আবুল বশারের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে। এই ত্রিমুখী সম্পর্ক ও আর্থিক বিরোধের জেরে রুহুল আমিনকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চূড়ান্ত পরিকল্পনা করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ৬ নভেম্বর কৌশলে রুহুল আমিনকে বাড়িতে ডেকে শরবতের সঙ্গে ১১টি ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ান শাহিদা। এতে তিনি পুরোপুরি অচেতন হয়ে পড়েন। এ সময় আবুল বাশার তার মুখে বালিশ চাপা দেন এবং পলাতক অপর আসামি সোহেল গলায় গামছা পেঁচিয়ে তাকে শ্বাসরোধে মৃত্যু নিশ্চিত করেন।

শাহিদা বেগমের বসতঘর থেকে প্রায় ১০০ গজ দূরে মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখানে গার্মেন্টসের সুতা কাটার কাজে ব্যবহৃত বিশেষ ধরনের ছুরি দিয়ে প্রথমে মাথা বিচ্ছিন্ন করা হয়। দুই হাত ও দুই পা কেটে শরীর থেকে আলাদা করা হয়। এভাবে মাথা, দুই হাত, দুই পা ও মূল দেহসহ মোট ছয়টি খণ্ড করে ঘতকরা। পরে প্রমাণ লুকানোর উদ্দেশ্যে খণ্ডিত অংশগুলো ডোবা ও আশপাশের ঝোপঝাড়ে বিভিন্ন স্থানে ফেলে দেন তারা।

গত বৃহস্পতিবার সকালে পোনাহুরা গ্রামের সড়কের পাশ থেকে একটি বিচ্ছিন্ন হাত উদ্ধার করে পুলিশ। পরদিন শুক্রবার একই এলাকা থেকে আরও একটি হাত ও দুটি পা উদ্ধার করা হয়। এরপর মরদেহের বাকি অংশের সন্ধানে ওই এলাকায় ব্যাপক তল্লাশি শুরু করে পুলিশ।

এদিকে, সন্দেহভাজন হিসেবে শাহিদা বেগম ও আবুল বাশারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে মরদেহের অন্যান্য খণ্ডিত অংশ এবং বিকেল সাড়ে ৩টার দিকে নিহতের মাথা উদ্ধার করা হয়।

হত্যার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এএসপি সব্যসাচী জানান, অর্থনৈতিক লেনদেন ও অন্যান্য কারণে তাকে হত্যা করা হয়েছে। অন্যান্য কারণ থাকলে তা তদন্ত শেষে নিশ্চিত করা যাবে বলে তিনি জানান।

এ ঘটনায় নিহতের ছেলে অ্যাডভোকেট ইমরান হোসেন শুক্রবার রাতে বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় সাহিদা বেগম ও আবুল বাশারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পলাতক সোহেলকে গ্রেপ্তারে অভিযান চলছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।