BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৫৮
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টা: বৃদ্ধের ১০ বছরের কারাদণ্ড


জুলাই ২৩, ২০২৬ ১:১২ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ সদর উপজেলায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অপরাধে আব্দুল কাহার (৬২) নামের এক বৃদ্ধকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৩টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনারের বিচারক এবং জেলা ও দায়রা জজ জিনাত সুলতানা এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল কাহার (৬২) সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়ারগাঁও গ্রামের বাসিন্দা।

মামলায় বাদী পক্ষে কৌঁসুলি হিসেবে মামলা পরিচালনা করেন, অ্যাডভোকেট আব্দুল কাদির (জিলান) এবং আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মুজিবুর রহমান।

মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১২ সেপ্টেম্বর দুপুর অনুমান ১টার দিকে হালুয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী (৬) তার নিজ বাড়ির পাশে আসামি আব্দুল কাহারের নাতনির সঙ্গে খেলাধুলার জন্য যায়। এ সময় আব্দুল কাহার শিশুটিকে তার শয়নকক্ষে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা চালান। এতে শিশুটি চিৎকার শুরু করলে আসামির বাড়ি থেকে দ্রুত পালিয়ে যায় এবং শিশুটির মা-বাবা তাকে উদ্ধার করে রক্তাক্ত ও আহত অবস্থায় চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করান।

পরবর্তীতে এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আসামি আব্দুল কাহারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(৪)(খ) ধারায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় চিকিৎসা সনদ, সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও বিজ্ঞ আদালতে শিশুটির দেওয়া ২২ ধারার জবানবন্দি পর্যালোচনায় অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক জিনাত সুলতানা আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার আদেশ দেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।