BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:০৫
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মৌলভীবাজারে রাজপথে এইচএসসি পরীক্ষার্থীরা


জুলাই ১৫, ২০২৬ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

এইচএসসি পরীক্ষার্থীদের নানা সংকট ও চলমান পরিস্থিতির প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও অবরোধ করেছে পরীক্ষার্থীরা।

বুধবার (১৫ জুলাই) দুপুর ১টার দিকে পরীক্ষার্থীদের একদফা দাবিতে উত্তাল হয়ে উঠেছিল মৌলভীবাজার শহর।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রথমে মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাস থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মৌলভীবাজার প্রেস ক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ ও স্লোগান দেয়। পরবর্তীতে মিছিলটি আরও বড় আকার ধারণ করে শহরের কেন্দ্রস্থল ও ব্যস্ততম এলাকা চৌমহনা চত্বরে গিয়ে পৌঁছায়। চৌমহনায় পৌঁছানোর পর শিক্ষার্থীরা চারপাশের রাস্তায় অবস্থান নিয়ে একটি শক্তিশালী ‘ব্লকেড’ বা সড়ক অবরোধ কর্মসূচি শুরু করেন।

অবরোধ চলাকালীন সময়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের নানা সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মুহুর্মুহু স্লোগান দিতে থাকেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের যৌক্তিক দাবি আদায় এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না এবং আন্দোলন আরও জোরদার করবেন।

এদিকে শিক্ষার্থীদের এই আকস্মিক সড়ক অবরোধ ও বিক্ষোভকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।