BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৩৮
আজকের সর্বশেষ সবখবর

বন্যপ্রাণীপ্রেমী সীতেশ রঞ্জন দেব মারা গেছেন


জুলাই ১৪, ২০২৬ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান বন্যপ্রাণীপ্রেমী সীতেশ রঞ্জন দেব আর নেই।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৯টা ৫ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। শহরের রামকৃষ্ণ মিশন সড়কে নিজ বাসায় তিনি চিকিৎসাধীন ছিলেন। সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শ্রীমঙ্গল পলি ক্লিনিকে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃত্যু খবর ছড়িয়ে পরলে শত শত মানুষ তাকে শেষবার দেখার জন্য বাসায় ভিড় করেন।

পরে তার মরদেহ রাখা হয় বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে। সেখানে শ্রদ্ধা জানানোর পর শেষকৃত্যর জন্য তাকে নয়াগাঁও গ্রামে পারিবারিক শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয়।

সীতেশ রঞ্জন দেব দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে আহত, অসুস্থ ও বিপন্ন বন্যপ্রাণীর উদ্ধার, চিকিৎসা, পরিচর্যা, পুনর্বাসন এবং সুস্থ হওয়ার পর তাদের প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়ার মহৎ কাজে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছিলেন। তার প্রতিষ্ঠিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসনকেন্দ্র হিসেবে অসংখ্য বিরল ও বিপন্ন প্রাণীর নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে।

প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় তার অসামান্য অবদান, অক্লান্ত পরিশ্রম এবং মানবিক দৃষ্টিভঙ্গি আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তার স্নেহ, মমতা ও কর্মনিষ্ঠা শুধু বন্যপ্রাণী সংরক্ষণেই নয়, মানুষের হৃদয়েও চিরস্মরণীয় হয়ে থাকবে।

তার মৃত্যুতে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।

সীতেশ রঞ্জন দেবের মৃত্যুতে শ্রীমঙ্গলসহ দেশের পরিবেশবাদী, বন্যপ্রাণী সংরক্ষণকর্মী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।