সিলেটের ডিসি সারোয়ার আলমকে পুর্নবহালের দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। রবিবার (২১ জুন) রাতে নিজের ফেসবুক একাউন্টে এক স্ট্যাটাসে এই দাবি জানান তিনি।
স্ট্যাটাসে আবু হানিফ লেখেন, সিলেটের ডিসি সারোয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে আজকে। গত তিনদিন আগে তিনি মাজারে আর্থিক ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন। এর আগে সিলেটের পাথর খেকোদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পেশাদারিত্ব বজার রেখে কাজ করায় আওয়ামিলীগের সময়ও তাকে শাস্তি পেতে হয়েছিল। একজন সৎ দেশ প্রেমিক কর্মকর্তা বার বার পরাজি হয়েছে অসাধু চক্রের কাছে।
তিনি বলেন, প্রশাসনে বদলি স্বাভাবিক বিষয় হলেও সরোয়ার আলমের ক্ষেত্রে স্বাভাবিক বলার অবকাশ নাই।তিন দিন আগে মাজারের অবব্যবস্থাপনা নিয়ে কথা বলাতেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে এটা সহজেই অনুমেয়। সরকারের উচিত তাকে পুর্নবহাল করা।তা না হলে জনগণের মনে প্রশ্নে জাগবে এই সরকারও কি সিন্ডিকেটের কাছে জিম্মি!
এদিকে, রবিবার (২১ জুন) বিকেলে নগরীর কোর্ট পয়েন্টে বৈরী আবহাওয়া ও বৃষ্টির মধ্যেই সর্বস্তরের জনতার ব্যানারে জেলা প্রশাসক (ডিসি) মো. সরওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সিলেটে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন আলেম ওলামারা।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘সিলেটের মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া এমন একজন জনবান্ধব ও কর্মঠ জেলা প্রশাসককে হঠাৎ করে প্রত্যাহারের সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সিলেটের নাগরিক সমস্যা সমাধান, ব্যাবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং ধর্মীয় প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করতে সাহসী ভূমিকা পালন করেছেন।’
মানববন্ধন থেকে বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সিলেটবাসীর আবেগ ও প্রত্যাশার প্রতি সম্মান প্রদর্শন করে অবিলম্বে এই প্রত্যাহার আদেশ বাতিল করতে হবে। অন্যথায় বৃহত্তর সিলেটের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে আরও বৃহৎ আন্দোলন, গণসমাবেশ ও হরতালের মতো কঠোর কর্মসূচি ঘোষণার বিষয়টি বিবেচনা করা হবে।’
