BD SYLHET NEWS
সিলেটরবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫১
আজকের সর্বশেষ সবখবর

বিয়েতে নবদম্পতিকে ৫ লিটার অকটেন উপহার


এপ্রিল ২৬, ২০২৬ ১২:০৫ অপরাহ্ণ
Link Copied!

​চলমান জ্বালানি সংকটের প্রভাবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলেও তেল সংগ্রহ করতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন আর ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। এই সংকটময় পরিস্থিতির মাঝেই শ্রীমঙ্গলের এক বৌভাতের অনুষ্ঠানে দেখা গেল ব্যতিক্রমী উপহারের দৃশ্য, যা বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

​শুক্রবার (২৪ এপ্রিল) উপজেলার উত্তরসুর এলাকায় সুমন পাল ও পলি পালের বৌভাত অনুষ্ঠান চলাকালীন এই ব্যতিক্রমী ঘটনাটি ঘটে। গত মঙ্গলবার তাদের বিয়ে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে আগত অতিথিরা যখন প্রথাগতভাবে শাড়ি, গয়না বা গৃহস্থালি সামগ্রী উপহার দিচ্ছিলেন, তখন বরের পাঁচ বন্ধু—রাজেশ ভৌমিক, দীপ্ত, নারায়ন, রুপন ও রাজন সবাইকে চমকে দিয়ে মঞ্চে হাজির হন তিনটি প্লাস্টিক বোতলে ভরা ৫ লিটার অকটেন নিয়ে।

​উপহারটি আকর্ষণীয়ভাবে সাজিয়ে নবদম্পতির হাতে তুলে দেওয়া হলে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে হাস্যরস ও বিস্ময়ের সৃষ্টি হয়।

​ব্যতিক্রমী এই উপহারের পেছনের কারণ ব্যাখ্যা করে বন্ধু রাজেশ ভৌমিক বলেন “বর্তমানে জ্বালানি তেল সংগ্রহ করা এক সংগ্রামের নাম। বন্ধু নতুন জীবনে পা রেখেছে, সে যেন শুরুতেই পাম্পের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোগান্তির শিকার না হয়, সেই ভাবনা থেকেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এটি যেমন তার বাস্তব কাজে লাগবে, তেমনি বর্তমান পরিস্থিতির একটি বার্তাও বহন করে।

​তিনি আরও জানান, কোন পাম্পে কখন তেল পাওয়া যাবে তা নিয়ে চরম অনিশ্চয়তা কাজ করছে, যা সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে।

​এসময় এমন ‘দামী’ ও সময়োপযোগী উপহার পেয়ে উচ্ছ্বসিত বর সুমন পাল বলেন ​”আমার একটি মোটরসাইকেল আছে। বর্তমান সময়ে তেল সংগ্রহ করতে যে কষ্ট হয়, তা আমরা সবাই জানি। বন্ধুরা আমার প্রয়োজনের কথা মাথায় রেখে যে এই উপহার দিয়েছে, তা সত্যিই বিশেষ। এটি যেমন মজার, তেমনি আমার জন্য দারুণ কার্যকর। ​অনুষ্ঠানে উপস্থিত অতিথি মৃদুল দেব মন্তব্য করেন, এই উপহারটি শুধু আনন্দই দেয়নি, বরং বর্তমান সময়ের কঠিন বাস্তবতাকে খুব সহজভাবে সবার সামনে ফুটিয়ে তুলেছে। সংকটের সময়ে এমন সৃজনশীল চিন্তা নিঃসন্দেহে দীর্ঘকাল স্মরণে থাকবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।