BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:০৫
আজকের সর্বশেষ সবখবর

হাওরে বোরো ধানে ছড়িয়ে পড়ছে ব্লাস্ট রোগ, উদ্বিগ্ন কৃষক


এপ্রিল ১১, ২০২৬ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

তাহিরপুরের হাওরে বোরো ধানে ছত্রাকজনিত ব্লাস্ট রোগ ছড়িয়ে পড়েছে। কৃষকরা বাজার থেকে নানা ধরনের বালাইনাশক কিনে জমিতে ছিটাচ্ছেন; কিন্তু তাতে কিছুই হচ্ছে না। এ বছর উপজেলার ছোট-বড় ২৩টি হাওরে প্রায় ২৫ হাজার হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে।

তাহিরপুর উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ব্লাস্ট রোগের সংক্রমণ সারা উপজেলাতেই ছড়িয়ে পড়েছে। কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে ব্রি-২৮ এবং ব্রি-৬৭ বীজ ধান বপন না করতে। তারা না শুনলে কিছু করার নেই। আশা করি আগামী দিনে তারা কৃষি বিভাগের পরামর্শ নিয়ে চাষাবাদ করবেন।

এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান আরও বলেন, এ বছর বোরো ধান উৎপাদনে লক্ষ্যমাত্রা অর্জিত হবে কিনা তা এখনও বলার সময় আসেনি। অতিরিক্ত তাপমাত্রায়ও ধানের ক্ষতি হচ্ছে। ধানক্ষেতে পানি সরবরাহ কম থাকায় অনেক এলাকায় উৎপাদন অর্ধেকে নেমে আসবে। সুতরাং সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হবে কিনা তা নিয়ে বড় ধরনের আশঙ্কা রয়েছে।

কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, উফশী জাতের ব্রি-৬৭ ধানে এবার ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। সেই ক্ষেত্রে কৃষকরা বলছেন, আমরা নিজেদের খাওয়ার জন্য সামান্য কিছু ব্রি-৬৭ জাত চাষ করেছি। আর পরামর্শ উপেক্ষা করে চাষাবাদের ফল শূন্য দেখা দিয়েছে।

উপজেলার শনির হাওর, মাটিয়ান হাওরে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এ বছর ব্রি-৬৭ ধানের উৎপাদন খুবই খারাপ হয়েছে। কৃষকরা জানিয়েছেন, যে পরিমাণ উৎপাদন হবে তাতে চাষাবাদের খরচই উঠবে না।

উপজেলার মাটিয়ান হাওপাড়ের কৃষক সবুজ মিয়া বলেন, তিনি মাটিয়ান হাওরে ১০ কিয়ার (৩০ শতকে এক কিয়ার) জমি চাষাবাদ করেছিলেন। তিনি জানান, জমিতে যে পরিমাণ ধান হয়েছে, তাতে কাঁচি চালানোই যাবে না। এ বছর ব্রি-৬৭ ধান চাষাবাদ করে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন।

শনির হাওরপাড়ের ভাটি তাহিরপুর গ্রামের কৃষক এবাদুল ইসলাম বলেন, শনির হাওরে তিনিসহ যারা ব্রি-৬৭ ধান চাষাবাদ করেছেন, সবাই ক্ষতিগ্রস্ত। তিনি বলেন, জমিতে প্রথমে থোড়গুলো ভালোভাবেই ছাড়তে দেখা যায়। থোড় বের হওয়ার পর সবগুলোই সাদা সাদা চিটা দেখা যায়।

তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, এ বছর ব্রি-৬৭ ধানে ব্যাপক পরিমাণে ব্লাস্ট দেখা দিয়েছে। উপজেলার সব ক’টি হাওরপাড়ের কৃষকরা কেউ অফিসে এসে আবার অনেকেই মোবাইল ফোনে জানিয়েছেন ব্রি-৬৭ ধানে ব্লাস্ট আক্রমণের কথা। তিনি জানান, ব্রি-৬৭ ধানটি অনেক পুরোনো হয়ে গেছে। ব্রি-৬৭ বীজ ধান ২০-২২ বছর আগে উদ্ভাবিত। এ জন্য সরকার কোনো কৃষককে প্রণোদনার বীজ হিসেবে কাউকে দেয়নি। সব কৃষককে জানিয়ে দেওয়া হয়েছে, তারা যেন আগামীতে ব্রি-৬৭ বীজ ধান বপন না করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।