BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৫৩
আজকের সর্বশেষ সবখবর

শ্রীমঙ্গলে দোকান থেকে বিপন্ন তক্ষক উদ্ধার


মার্চ ৩১, ২০২৬ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি দোকান থেকে বিপন্ন প্রজাতির একটি তক্ষক উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে শহরের নতুন বাজার এলাকা থেকে তক্ষকটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শহরের নতুন বাজারে শ্যামল দেবের গুড়ের দোকান খোলার পর ভেতরে একটি তক্ষক দেখতে পান কর্মচারীরা। তক্ষকটি চোখে পড়তেই আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেন তারা। এতে আশপাশের দোকানদার ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন।

ওই দোকানের এক কর্মচারী বলেন, ‘দোকান খুলেই ভেতরে বড় একটি তক্ষক দেখতে পাই। আমরা ভয় পেয়ে যাই এবং চিৎকার দেই। পরে আশপাশের সবাই এসে জড়ো হন।

দোকানের মালিক শ্যামল দেব বলেন, ‘বিষয়টি বুঝতে পেরে আমরা দ্রুত বন্যপ্রাণী সংশ্লিষ্টদের খবর দেই। তারা এসে তক্ষকটি নিরাপদে উদ্ধার করেন।’

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে তক্ষকটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন। পরে সেটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

উদ্ধার কার্যক্রমে অংশ নেওয়া এক পরিবেশকর্মী বলেন, ‘তক্ষক একটি সংরক্ষিত ও বিপন্ন প্রজাতির প্রাণী। এটি ধরা, রাখা বা কেনাবেচা করা আইনত দণ্ডনীয় অপরাধ। তক্ষককে ঘিরে যে উচ্চমূল্যের গুজব রয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।’

সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত জানানোই সবচেয়ে দায়িত্বশীল আচরণ।’

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।