BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৪২
আজকের সর্বশেষ সবখবর

মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত


মার্চ ২৩, ২০২৬ ১২:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি::- সুনামগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছেন এবং একজন আহত হয়েছেন। রোববার দুপুরে সুনামগঞ্জ-দিরাই সড়কের শান্তিগঞ্জ উপজেলার গাগলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শান্তিগঞ্জের মুক্তাখাই গ্রামের আক্কেল আলীর ছেলে মোটরসাইকেল চালক সাইদুল ইসলাম (৩০) এবং একই গ্রামের মৃত উকিল আলীর ছেলে সফিকুল ইসলাম (২৮)। আহত ব্যক্তি হলেন গুলজার আহমদ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সফিকুল তার দুই বন্ধুকে নিয়ে তাহিরপুরের পর্যটনকেন্দ্র শিমুল বাগানে ঘুরতে যাচ্ছিলেন। পথে গাগলী এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলের সামনের অংশ ভেঙে যায় এবং সফিকুলের হাড় ভেঙে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সফিকুলকে মৃত ঘোষণা করেন। সাইদুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়, যেখানে বিকেল পাঁচটায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত গুলজার আহমদকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আমজাদ হোসেন বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজনের মধ্যে হাসপাতালে আসার আগেই একজনের মৃত্যু হয়। আহত একজনকে সিলেট প্রেরণ করা হয় এবং আরেকজন হাসপাতালে ভর্তি।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. অলি উল্যাহ জানান, গাগলী এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুনামগঞ্জ সদর থানার ওসি রতন সেখ বলেন, দুর্ঘটনায় আহত আরও একজনকে ওসমানী হাসপাতালে নেওয়ার পর বিকেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।