ক্রীড়া ডেস্ক : বেচারী পানথই চানুর কথা ভেবে ভারতীয় ফুটবলপ্রেমীদের সবচেয়ে বেশি মন খারাপ হওয়ার কথা। বলতে গেলে চানু এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষদের একজন।
জাপানি মেয়েরা একেকটা গোলের পর উদযাপন করে যাচ্ছিলেন আর ভারতীয় গোলকিপার চানু তা নিজেদের জাল থেকে কুড়িয়ে আনছিলেন। ১১ গোল হজম করার যন্ত্রণা তো আর কম নয়! নিশ্চয় তা চানুকে দীর্ঘ দিন ভাবাবে।
জাপানের বিপক্ষে গোলবারের সামনে এমন অসহায় ছিলেন ভারতের গোলকিপার পানথই চানু। ছবি: এএফপি
এএফসি নারী এশিয়ান কাপে ভারতকে যে ১১-০ গোলে বিধ্বস্ত করেছে জাপান! টানা দুই জয়ে ‘সি’ গ্রুপ থেকে সবার আগে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে জাপানি মেয়েরা।
এবারের এশিয়ান কাপে এটিই কোনো দলের সবচেয়ে বড় ব্যবধানে হার আর টুর্নামেন্ট ইতিহাসে ভারতের দ্বিতীয় বড় পরাজয়।এর আগে ২০০৩ আসরে চীনের কাছে ১২-০ গোলে হেরেছিল ভারত।
অস্ট্রেলিয়ার পার্থের রেকট্যাঙ্গুলার স্টেডিয়ামে গত বুধবার (৪ মার্চ) ভিয়েতনামের কাছে ২-১ ব্যবধানে হারের ম্যাচে দারুণ লড়াই করলেও আজ জাপানিদের সামনে দাঁড়াতেই পারেনি ভারতীয় মেয়েরা।
প্রথমার্ধে ৫ গোলে এগিয়ে যাওয়া জাপান দ্বিতীয়ার্ধে করে আরো ৬ গোল। হ্যাটট্রিক করেছেন দুজন—হিনাতা মিয়াজাওয়া ও রিকো উয়েকি। জোড়া গোল করেছেন কিকো সেইকে। একবার করে স্কোরশিটে নাম তুলেছেন ইউজুকি ইয়ামামোতো, ইউয়ি হাসেগাওয়া ও মায়া হিজিকাতা।
আগামী মঙ্গলবার (১০ মার্চ) সিডনিতে চায়নিজ তাইপের বিপক্ষে জিততে না পারলে গ্রুপ পর্ব থেকে বাদ পড়বে ভারত।
