BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৬
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপ ও ফিনালিসিমার ভবিষ্যৎ কী


মার্চ ১, ২০২৬ ২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ঘটনায় নড়ে উঠেছে ফুটবল বিশ্বও। আগামী জুন–জুলাইয়ে যুক্তরাষ্ট্র–মেক্সিকো–কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের ৪৮ দলের একটি ইরান। আবার সাম্প্রতিক উত্তেজনা মধ্যপ্রাচ্যের যেসব দেশে ছড়িয়ে পড়েছে, সেসবেরই একটি কাতারে এ মাসেই ফিনালিসিমায় মুখোমুখি হওয়ার কথা ইউরোপ ও লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন স্পেন–আর্জেন্টিনার।

চলমান সংকটে তাই বিশ্বকাপে ইরানের আয়োজন ও সূচি অনুযায়ী ফিনালিসিমা হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ‘পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে’ বলে জানিয়েছে।

কার্ডিফে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) বার্ষিক সভা শেষে গতকাল সাংবাদিকদের মুখোমুখি হন ফিফা মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রম। চলমান পরিস্থিতিতে ফিফার মতামত জানতে চাইলে তিনি বলেন, ‘ইরান সম্পর্কে আপনাদের মতো আমিও খবরটি পড়েছি। এখন বিস্তারিত মন্তব্য করার সময় নয়। তবে ফিফা বিশ্বজুড়ে সব পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।’

তবে নির্ধারিত সময়ে সব কটি দল নিয়ে বিশ্বকাপ মাঠে গড়াবে বলে ফিফা মহাসচিব আশাবাদী, ‘ওয়াশিংটনে হওয়া ড্র অনুষ্ঠানে সব দলই অংশ নিয়েছিল। আমাদের মূল লক্ষ্য নিরাপদ একটি বিশ্বকাপ আয়োজন, যেখানে সব দল অংশ নেবে। আমরা আগের মতোই তিন আয়োজক দেশের সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখব। সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে।’

এশিয়ান ফুটবল কনফেডারেশনের বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে ওঠা ইরান গ্রুপ ‘জি’তে বেলজিয়াম, নিউজিল্যান্ড ও মিসরের বিপক্ষে খেলার কথা রয়েছে। তবে মার্কিন–ইসরায়েল হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরান কী ভূমিকা নেবে, তা অনেকটাই অনিশ্চিত।

চলমান সংঘাত দীর্ঘায়িত হলে বিশ্বকাপের আগে ফুটবলের আরেকটি বড় আয়োজনও ক্ষতিগ্রস্ত হতে পারে। ২৭ মার্চ দোহায় আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফিনালিসিমা হওয়ার কথা। কিন্তু মধ্যপ্রাচ্যের দেশটিও এখন আক্রান্ত। হামলার জবাবে ইরান এরই মধ্যে কাতারে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। যার জেরে কাতার নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ জানিয়েছে, স্পেন ও আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন কয়েক দিন আগে সই করা চুক্তিটি পুনর্বিবেচনা শুরু করেছে। এ ধরনের চুক্তিতে সহায়তাকারী বিমা কোম্পানিগুলোর পরামর্শের অপেক্ষায়ও রয়েছে তারা। এখনো চূড়ান্ত সিদ্ধান্তের সময় হয়নি মনে করলেও বিকল্প পথ খুঁজছে দুই পক্ষ। কাতারের সঙ্গে ম্যাচ আয়োজনের চুক্তিটি আর্থিকভাবে গুরুত্বপূর্ণ হলেও নিরাপত্তাই থাকবে সর্বোচ্চ অগ্রাধিকার, লিখেছে এএস।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।