BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:২৯
আজকের সর্বশেষ সবখবর

বিমানবন্দর থেকে পূর্বাচলের পথে তারেক রহমান


ডিসেম্বর ২৫, ২০২৫ ৩:৩৭ অপরাহ্ণ
Link Copied!

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৩৬ মিনিটে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের দেওয়া সংবর্ধনা গ্রহণ শেষে তিনি বিমানবন্দর ত্যাগ করেন।

বিমানবন্দর থেকে বেরিয়ে বাসে ওঠার আগে তারেক রহমান জুতা খুলে মাটিতে পা রাখেন এবং হাতে একমুঠো মাটি নেন। এ সময় সেখানে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে আবেগঘন পরিবেশ তৈরি হয়।

এর আগে তারেক রহমান, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে বিমানবন্দরে বরণ করে নেন বিএনপির সিনিয়র নেতারা। তাঁদের মধ্যে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমেদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

বিমানবন্দর ত্যাগের পর লাল ও সবুজ রঙের বিশেষ বাসে করে তারেক রহমান পূর্বাচলের উদ্দেশে রওনা হন। তিনি ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে, যা ৩০০ ফিট সড়ক নামেও পরিচিত, অতিক্রম করে এভারকেয়ার হাসপাতালে যাবেন। পথে পূর্বাচলে তিনি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন।

বাসটিতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিকৃতি রয়েছে। বাসের সামনে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান লেখা।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।