বিডি সিলেট ডেস্ক::- রাজশাহীর তানোরে গভীর নলকূপ স্থাপনের জন্য খনন করা ৪০ ফুট গভীর গর্তে পড়ে গেছে দুই বছরের শিশু সাজিদ। বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটলেও বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল সাতটা পর্যন্ত শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। টানা ১৮ ঘণ্টা চেষ্টা চালিয়েও উদ্ধার করতে না পারায় বাড়ছে উদ্বেগ ও উৎকণ্ঠা।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে নলকূপ বসানোর জন্য খোঁড়া গর্তটি বালু ও মাটি দিয়ে পুরোপুরি ঢেকে রাখা হয়নি। অসাবধানতাবশত খেলতে খেলতেই শিশুটি হঠাৎ সেই গর্তে পড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের একটি টিম এবং শুরু করে উদ্ধার অভিযান।
শিশুটির বাবা মোহাম্মদ রাকিব ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। দুর্ঘটনার খবর পেয়ে তিনি সঙ্গে সঙ্গে তানোরে নিজ গ্রামে আসেন। রাতে ঘটনাস্থলে এসে দেখেন—ফায়ার সার্ভিসের সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে চলছে, চারপাশে প্রচণ্ড শীত উপেক্ষা করে কয়েক হাজার মানুষ দাঁড়িয়ে আছে, দোয়া করছে ও অপেক্ষা করছে।
শিশুপুত্রের এ দুরবস্থায় ভেঙে পড়েছেন বাবা রাকিব। খড়ের গাদার ওপর বসে কাঁপা গলায় তিনি বলেন,
“আমি কিছু বলতে পারি না। এখন আল্লাহর উপরই ভরসা। ছেলেকে আল্লাহর জিম্মায় ছেড়ে দিয়েছি। তিনি যা ভালো মনে করবেন, তাই করবেন।”
ফায়ার সার্ভিস জানায়, গর্তটি সরু ও গভীর হওয়ায় উদ্ধার কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও সময়সাপেক্ষ হয়ে পড়েছে। বিশেষায়িত সরঞ্জাম ব্যবহার করে শিশুটিকে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।
ঘটনাস্থলে এখনও উৎসুক জনতার ভিড়, চলছে দোয়া ও প্রার্থনা। এলাকাবাসীর একটাই চাওয়া—সাজিদ যেন অক্ষত অবস্থায় ফিরে আসে তার বাবা-মায়ের কোলে।
