মাহমুদ হোসেন খান:: সিলেট সহ দেশের বিভিন্ন গ্রামের মাঠে আয়োজিত তথাকথিত ‘ষাঁড়ের লড়াই’কে কেন্দ্র করে চলমান অবৈধ জুয়ার আসর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। অভিযোগ উঠেছে, কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় প্রতিদিনই বড় অঙ্কের লেনদেন হচ্ছে এই লড়াইকে ঘিরে। পরিস্থিতি এমন যে—জুয়ার আয়োজনকারীরা নাকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থাকা–না থাকা নিয়েও ‘ম্যানেজ’ করার সক্ষমতা দাবি করছে বলে অভিযোগ করেছে বিভিন্ন এলাকাবাসীর একটি অংশ।
স্থানীয়দের দাবি, এসব জুয়ার আসরে দিনভর ভিড় জমে। লড়াইয়ের প্রতিটি রাউন্ডে লাখ টাকার বেশি বাজি ধরা হয়। এতে তরুণরা দ্রুত টাকা আয়ের আশায় ঝুঁকে পড়ছে জুয়ার দিকে, যা সামাজিক অস্থিরতার সৃষ্টি করছে।
অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় জানান, জুয়ার কারণে এলাকায় চুরি-ছিনতাইসহ নানা অপরাধ বেড়ে যাচ্ছে। কিন্তু আয়োজনকারীদের প্রভাবের কারণে কেউ প্রকাশ্যে কথা বলতে সাহস পাচ্ছেন না।
এ বিষয়ে স্থানীয় পুলিশের একজন কর্মকর্তা বলেন, অবৈধ জুয়ার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে এবং কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে আইনের আওতায় আনা হবে। তবে ‘ম্যানেজ’ করার অভিযোগের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।
সচেতন মহল মনে করে, অবৈধ জুয়ার এই প্রচলন বন্ধে প্রশাসনের আরো কার্যকর পদক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে এমন আয়োজনের পেছনে কারা জড়িত—তা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
