BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:১১
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে নিখোঁজের ১০ দিন পর মিলল বৃদ্ধের মরদেহ


মে ২৩, ২০২৫ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের ১০ দিন পর ফারুক মিয়া (৪৯) নামের এক বৃদ্ধের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ মে) সকালে উপজেলার মনতলা অপরুপা স্কুলের পশ্চিম পাশের জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ফারুক মিয়া উপজেলার বহরা ইউনিয়নের আফজলপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ মে বিকেলে মনতলা বাজারে গিয়ে নিখোঁজ হন ফারুক। পরে অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি পরিবারের সদস্যরা। শুক্রবার সকালে জঙ্গল থেকে পচা গন্ধ পান পথচারীরা। পরে ঘটনাস্থলে গিয়ে একটি মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে নিখোঁজ ফারুকের পরিবারের সদস্যরা এসে মরদেহটি শনাক্ত করেন।

নিহত ফারুকের ছেলে আকিবুল ইসলাম জানান, তার বাবা বাজার করতে ওই দিন মনতলা বাজার গিয়েছিল। সে সময়ে একই এলাকার রুবেল নামের এক ব্যক্তি তাকে মুঠোফোনে যোগাযোগ করে নিয়ে যায়। এরপর থেকে তার বাবার মুঠোফোন বন্ধ থাকে এবং তাকে আর খোঁজে পাওয়া যায়নি।

এ দিকে নিহতের স্ত্রী জানান, তার স্বামী ফারুক মিয়া নিখোঁজ হওয়ার পর তারা প্রশাসনকে জানিয়েছিলেন।

কিন্তু ফারুক মিয়ার কোনো সন্ধান পাওয়া যায়নি।খবর পেয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুনসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে মরদেহের সুরতহাল সম্পন্ন করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।