বিডিসিলেট প্রতিবেদক: সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলায় তিন গ্রামের লোকজনের মধ্যে ৪ ঘন্টাব্যাপী সংঘর্ষে অন্তত অর্ধশত লোকজন আহত হয়েছেন। এসময় ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্ভর) বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত কোম্পানীগঞ্জ সদর এলাকা, বর্ণি ও কাঁঠালবাড়ী গ্রামের মধ্যে সংঘর্ষের এ ঘটনা হয়। খবর পেয়ে এসময় পুলিশ ঘটনাস্থলে গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ চেষ্টা করে। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, উপজেলার বর্ণি গ্রামের এক ব্যক্তির সঙ্গে মোবাইল চার্জ দেওয়া নিয়ে কাঠাঁলবাড়ী গ্রামের এক ব্যক্তির কথা কাটাকাটি হয়। এরই জের ধরে কাঁঠালবাড়ি এলাকার লোকজন বর্ণি এলাকায় সড়কে গাড়ি আটকিয়ে ভাঙচুর করে। ঘটনার জেরে পরবর্তীতে উপজেলা সদরে কোম্পানীগঞ্জ, বর্ণি ও কাঁঠালবাড়ী ৩ গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। পরবর্তীওতে তিন পক্ষ সংষর্ঘে জড়ায়। প্রায় ৪ ঘন্টাব্যাপী সংঘর্ষে অন্তত অর্ধশত লোকজন আহত হন। আহতদের অন্তত ২০ জনকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন, বলেও জানা গেছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। পরে সেনাবাহিনীও ঘটনাস্থলে পৌছালে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে সংঘর্ষের ঘটনায় কাউকে আটক করা হয়নি।
